বিনোদনরাজ্যের খবর

৪-৫ মিনিটেই উদ্ধার? তবু ফুসফুসে জল-বালি! রাহুলের মৃত্যুর রিপোর্ট ঘিরে বড় প্রশ্ন

জানা গিয়েছে, রাহুলের ফুসফুসে বিপুল পরিমাণ জল ও বালির উপস্থিতি মিলেছে। এমনকি তাঁর শ্বাসনালী ও খাদ্যনালীতেও জল-বালি ঢুকে গিয়েছিল।

Truth of Bengal: সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে কীভাবে মৃত্যু হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের? এই প্রশ্নেই উত্তাল এখন টলিউড। রবিবারের এই মর্মান্তিক ঘটনার পর থেকেই সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অনেকেই সন্দিহান। আউটডোর শুটিংয়ে এমন দুর্ঘটনা মেনে নিতে পারছেন না কেউই।

গত ২৪ ঘণ্টা ধরে সকলের নজর ছিল ময়নাতদন্তের রিপোর্টের দিকে। অবশেষে সোমবার তমলুক মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত সম্পন্ন হয়। তারপরই প্রয়াত অভিনেতার মরদেহ কলকাতার উদ্দেশে নিয়ে রওনা দেন তাঁর স্কুলজীবনের বন্ধুরা।

প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, রাহুলের ফুসফুসে বিপুল পরিমাণ জল ও বালির উপস্থিতি মিলেছে। এমনকি তাঁর শ্বাসনালী ও খাদ্যনালীতেও জল-বালি ঢুকে গিয়েছিল। ফলে ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল বলে জানা যাচ্ছে।

তবে এখানেই তৈরি হয়েছে ধোঁয়াশা। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, এত পরিমাণ জল ও বালি শরীরে ঢুকতে হলে কিছুটা সময় লাগে। অথচ প্রোডাকশন টিমের দাবি, মাত্র ৪-৫ মিনিটের মধ্যেই রাহুলকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছিল। এই দুই তথ্যের মধ্যে অসঙ্গতি নতুন করে প্রশ্ন তুলছে পুরো ঘটনার উপর।

এদিকে, ময়নাতদন্তের পর তমলুক মেডিক্যাল কলেজে হাজার হাজার মানুষ ভিড় জমান প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। রাজনৈতিক মহল থেকেও শ্রদ্ধা জানানো হয়।

দুপুরে রাহুলের মরদেহ বিজয়গড়ের বাড়িতে পৌঁছানোর আগেই সেখানে উপস্থিত হন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। ইতিমধ্যেই টলিপাড়ার বহু শিল্পী, সহকর্মী ও ঘনিষ্ঠজনেরা সেখানে পৌঁছে গিয়েছেন। জানা যাচ্ছে, স্টুডিও নয়, বাড়িতেই শেষ শ্রদ্ধা জানাবেন সকলেই।

একদিকে শোক, অন্যদিকে একের পর এক প্রশ্ন, রাহুলের মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

Related Articles