টলিপাড়ায় বিরাট দুঃসংবাদ, তালসারিতে শুটিং করতে গিয়ে মৃত্যু অভিনেতা রাহুলের
Truth of Bengal: রবিবারের ছুটির দিনে টলিপাড়ায় নেমে এল গভীর শোকের ছায়া। শুটিং করতে গিয়েই আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলা সিনেমা ও ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসতেই স্তব্ধ হয়ে যায় গোটা ইন্ডাস্ট্রি।
পরিচালক সৌরভ পালোধি এই মর্মান্তিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। যদিও ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে নামার সময় বিপত্তি ঘটে। হঠাৎ জলে তলিয়ে গেলে উপস্থিত টেকনিশিয়ানরা দ্রুত তাঁকে উদ্ধার করেন। কিন্তু শেষরক্ষা হয়নি।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় টলিউডের এক পরিচিত মুখ ছিলেন। একাধিক সিনেমা ও জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। সম্প্রতি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তাঁর চরিত্রও বেশ প্রশংসা পাচ্ছিল।
এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও অনুরাগীদের মধ্যে। অনেকেই বিশ্বাসই করতে পারছেন না, এত পরিচিত এক মুখ এভাবে হঠাৎ চলে গেলেন।
টলিপাড়ার অনেকেই জানিয়েছেন, রাহুল শুধু একজন ভালো অভিনেতাই নন, বরং অত্যন্ত আন্তরিক ও প্রাণবন্ত মানুষ ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে এক বড় শূন্যতা তৈরি হল বাংলা বিনোদন জগতে।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।



