বিজেপির অন্তর্কলহ ও টাকা দিয়ে টিকিট বিলির অভিযোগে সরব অরিন্দম গুইন
“বাংলার মানুষ এতটা বোকা নয়”
তরুণ মুখোপাধ্যায়, সৌগত রায়, হুগলি: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রচারে নেমে প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন চাঁপদানির তৃণমূল কংগ্রেস প্রার্থী অরিন্দম গুইন। বুধবার বৈদ্যবাটি পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডে প্রচার চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিজেপির অন্দরে টিকিট কেনাবেচা ও টাকার খেলার অভিযোগ তোলেন।
সম্প্রতি বিজেপির এক নেতার ভাইরাল ভিডিও ও পোস্টার বিতর্ক প্রসঙ্গে অরিন্দম গুঁইন বলেন, “বিজেপির কাছে প্রচুর টাকা আছে। ওরা ভাবছে টাকা দিয়ে যাকে খুশি বসাবে বা সরাবে। কিন্তু বাংলার মানুষ এতটা বোকা নয়। তারা উন্নয়নের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন।”
তিনি আরও দাবি করেন, বিজেপির অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার নিয়েছে। দলের নেতারাই একে অপরের বিরুদ্ধে টাকা নিয়ে টিকিট বিলির অভিযোগ তুলছেন বলেও মন্তব্য করেন তিনি।
নিজের প্রচার নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী জানান, সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে। তাঁর কথায়, “১০০ জন নিয়ে প্রচার শুরু করলেও শেষে তা ২০০-২৫০ জনে পৌঁছে যাচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।”
অন্যদিকে, বিজেপির তরফে তাঁর বিরুদ্ধে ‘নোংরা রাজনীতি’র অভিযোগ তোলা হলে তারও পাল্টা জবাব দেন অরিন্দম গুইন। তিনি বলেন, “নোংরামি বিজেপির ভেতরেই আছে, ওদের নেতারাই তা প্রমাণ করছেন। আমি সারা বছর নিজের কাজ আর দলের আদর্শে বিশ্বাসী।”
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চাঁপদানি বিধানসভা এলাকায় তৃণমূলের এই আক্রমণাত্মক প্রচার কতটা কার্যকর হয় তার জন্য ৪ঠা মে ভোটের ফলাফলের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিন তৃণমূল প্রার্থী অরিন্দম গুইনের সঙ্গে ছিলেন বৈদ্যবাটি পুরসভার সিআইসি তথা জয় হিন্দ বাহিনীর হুগলি জেলার সভাপতি সুবীর ঘোষ সহ অন্যান্য কর্মীরা।






