খেলা

মুস্তাফিজুর বিতর্কে সুর নরম! IPL ব্যান উঠে যাচ্ছে বাংলাদেশে?

Truth Of Bengal: মুস্তাফিজুর রহমানকে IPL 2026 থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশে তৎকালীন মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কঠোর পদক্ষেপ নেয়। তারা ঘোষণা করে, দেশে আইপিএলের সম্প্রচার, সংশ্লিষ্ট বিজ্ঞাপন এবং সব ধরনের প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। মূলত বাঁহাতি এই পেসারকে IPL থেকে বাদ দেওয়ার ‘বদলা’ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে এই সিদ্ধান্তের জেরে কিছুটা সমস্যায় পড়ে বাংলাদেশ। T20 বিশ্বকাপেও তারা অংশ নেয়নি। ফলে পরিস্থিতির চাপে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এবং নবনির্বাচিত সরকার IPL সম্প্রচার নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ভাবতে পারে।

তাহলে কি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে বাংলাদেশ? এমনই ইঙ্গিত দিয়েছেন দেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটকে তিনি বলেন, “এই মুহূর্তে কিছু ভাবিনি। ইদের ছুটি শেষে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করব। তারপর সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও বলেন, ক্রীড়াক্ষেত্রে রাজনীতির প্রভাব চান না। তাঁর কথায়, “আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। খেলার মধ্যে রাজনীতি আসা উচিত নয়। কেন IPL সম্প্রচার বন্ধ করা হয়েছিল, সেটাও আমাদের জানতে হবে। তারপরই সিদ্ধান্ত নেওয়া সম্ভব।”

আসলে বাংলাদেশে IPL সম্প্রচার বন্ধ থাকলে দুই দেশের ক্রিকেট সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। উল্লেখ্য, গত বছরের মিনি নিলামে ৯.২০ কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল KKR। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে পরে তাকে বাদ দেওয়া হয়। এরপরই বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এমনকি ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিতে চায়নি তারা, যার ফলে তাদের জায়গায় স্কটল্যান্ড সুযোগ পায়।

তবে নতুন সরকার আসার পর পরিস্থিতি কিছুটা বদলেছে। ২৮ তারিখ থেকে শুরু হচ্ছে IPL 2026। এখন দেখার, এই জনপ্রিয় লিগের সম্প্রচার নিয়ে বাংলাদেশের আপত্তি শেষ পর্যন্ত কাটে কিনা।

Related Articles