রাজ্যের খবর

দিকভ্রান্ত হয়ে জনপদে বিরল অতিথি! দেখা মিলল বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির জোড়া প্যাঁচার

স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে প্যাঁচা দুটিকে উদ্ধার করে বনদফতর।

মন্টু সাহাজী, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া এলাকায় উদ্ধার হল বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির দুটি প্যাঁচা। স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে প্যাঁচা দুটিকে উদ্ধার করে বনদফতর। ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহল ছড়ায়।বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়োয়ার পাইকপাড়া এলাকার বাসিন্দা ওমর ফারুক রবিবার সকালে প্যাঁচা দুটিকে দেখতে পেয়ে বিষয়টি রামপুরা রেঞ্জের বনদফতরে জানান। খবর পেয়ে তৎক্ষণাৎ বনদফতরের কর্মী সুবিদ আলী গাজী ঘটনাস্থলে পৌঁছে প্যাঁচা দুটিকে উদ্ধার করেন।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, প্যাঁচা দুটির বয়স আনুমানিক প্রায় এক বছর। খাবারের সন্ধানে দলছুট হয়ে তারা লোকালয়ে ঢুকে পড়ে এবং পরে দিকভ্রান্ত হয়ে এলাকাতেই থেকে যায় বলে অনুমান করা হচ্ছে। উদ্ধারের পর প্যাঁচা দুটিকে বনদফতরের তত্ত্বাবধানে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা শেষে সুস্থ থাকলে তাদের আবারও প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনদফতরের আধিকারিকরা। গ্রামবাসীদের সচেতনতার ফলেই প্যাঁচা দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে বনদফতরের তরফে জানানো হয়েছে।

Related Articles