কলকাতারাজ্যের খবর

একধাক্কায় নামবে পারদ? সোমবার থেকেই ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলি

বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানানো হয়েছে

Truth of Bengal: বসন্তের মৃদু আবহাওয়া এখন কার্যত অতীত। রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে ভ্যাপসা গরমের অস্বস্তি, রোদের তেজে নাজেহাল সাধারণ মানুষ। তবে এই অস্বস্তির মধ্যেই স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশে পরিবর্তনের লক্ষণ স্পষ্ট হবে। আকাশে মেঘের আনাগোনা বাড়বে এবং ধীরে ধীরে বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে। রবিবার মূলত ঝাড়গ্রাম ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার ও মঙ্গলবার থেকে বৃষ্টির বিস্তার আরও বাড়বে। এই দুই দিনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। কলকাতার আবহাওয়া প্রসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২১.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৬ থেকে ৯০ শতাংশের মধ্যে ওঠানামা করায় ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় রয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আপাতত সেখানে আবহাওয়া শুষ্ক থাকলেও রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রথমে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। এরপর সোমবার ও মঙ্গলবার থেকে বৃষ্টির বিস্তার বাড়তে পারে এবং কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles