দোলের আগেই ইকো পার্কে আবির খেলায় মাতলেন দিলীপ, পা মেলালেন ‘রং বরসে’ গানে
মাথায় পাগড়ি বেঁধে এবং গায়ে গেরুয়া আবির মেখে তাঁকে এক্কেবারে খোশমেজাজে দেখা গেল।
Truth of Bengal: দোলের আনন্দ শুরু হতে এখনও কয়েক দিন বাকি। কিন্তু তার আগেই ক্যালেন্ডারের হিসাব উল্টে বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালে কলকাতার ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে কার্যত অকাল হোলিতে মেতে উঠলেন মেদিনীপুরের এই দাপুটে নেতা। মাথায় পাগড়ি বেঁধে এবং গায়ে গেরুয়া আবির মেখে তাঁকে এক্কেবারে খোশমেজাজে দেখা গেল।
View this post on Instagram
ইকো পার্কে প্রতিদিনের মতো আজও মর্নিংওয়াকে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে তাঁর অনুগামী এবং নিয়মিত প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে আলাপ-চারিতার মাঝেই শুরু হয় আবির খেলা। স্পিকারে ‘রং বরসে’ গানের তালে পা মেলাতেও দেখা যায় তাঁকে। মঙ্গলবার দোলযাত্রা হলেও, তিন দিন আগেই দিলীপ ঘোষের এই রঙিন রূপ দেখে পথচারীদের মধ্যেও কৌতুহল তৈরি হয়। তবে এই আনন্দের আবহেই রাজ্য রাজনীতিতে চলছে এক চরম উৎকণ্ঠা। কাকতালীয়ভাবে আজই এসআইআর প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। এই নতুন তালিকায় কতজনের নাম বাদ পড়ল বা কত নতুন নাম যুক্ত হলো, তা নিয়ে রাজনৈতিক মহলে যখন তুমুল চর্চা ও স্নায়ুযুদ্ধ চলছে, ঠিক সেই সময়েই দিলীপ ঘোষকে দেখা গেল সম্পূর্ণ নির্ভার এবং উৎসবের মেজাজে।
ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, ভোটার তালিকা নিয়ে যখন দলের অন্দরে ও বাইরে চাপানউতোর তুঙ্গে, তখন দিলীপ ঘোষের এই ‘দাবাং’ মেজাজে দোল খেলা আসলে এক ধরনের রাজনৈতিক বার্তা। একদিকে ভোটার তালিকার বদল নিয়ে উদ্বেগ, আর অন্যদিকে দিলীপ ঘোষের আবির মাখা উচ্ছ্বাস— সব মিলিয়ে শনিবারের সকালটি ছিল বেশ নাটকীয়।






