কলকাতারাজ্যের খবর

মার্চের শুরুতেই হুড়মুড়িয়ে চড়বে পারদ! রবিবারের পরেই কি দক্ষিণবঙ্গে জাঁকিয়ে গরম?

জেলার তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

Truth of Bengal: বসন্তের আমেজ ফুরিয়ে যাওয়ার পথে। ভোরের দিকে সামান্য শিরশিরানি থাকলেও বেলা গড়াতেই রোদের তেজ জানান দিচ্ছে—বাংলায় জাঁকিয়ে গরম পড়তে আর দেরি নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মার্চ মাস পড়তেই দক্ষিণবঙ্গে এক ধাক্কায় অনেকটা বাড়বে তাপমাত্রা। ১ তারিখ পর্যন্ত বিশেষ পরিবর্তন না থাকলেও, আগামী মাসের শুরুতেই পারদ চড়বে হুড়মুড়িয়ে। ফেব্রুয়ারির শেষ লগ্নে দাঁড়িয়ে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গে হালকা শীতের ছোঁয়া বজায় থাকবে। তবে ১ তারিখের পর থেকেই দৃশ্যপট বদলে যাবে। কলকাতার রাতের তাপমাত্রা প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত রাজ্যে তাপমাত্রার বড় কোনো বদল না ঘটলেও, পরবর্তী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রার গ্রাফটা উর্ধ্বমুখী হবে। জেলার তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। হুগলি, দুই চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—দক্ষিণের প্রতিটি জেলাতেই একই রকম শুকনো আবহাওয়া বজায় থাকবে। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির ছিটেফোঁটা নেই। বরং রবিবার থেকে সেখানেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরের জেলাগুলোতে কোথাও কোথাও পারদ চড়তে পারে সর্বোচ্চ ৪ ডিগ্রি পর্যন্ত। তবে এই মুহূর্তে পাহাড় ও সংলগ্ন এলাকায় ভোরের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে আসার সম্ভাবনা থাকলেও, বিশেষ কোনো সতর্কবার্তা জারি করা হয়নি।

Related Articles