আন্তর্জাতিক

চিলিতে গ্যাসভর্তি ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ: চালকসহ নিহত ৪, আহত বহু

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

Truth Of Bengal: চিলির রাজধানী সান্তিয়াগোতে এলপিজি পরিবহনকারী একটি ট্রাক উল্টে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় ট্রাকচালকসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সান্তিয়াগোর উত্তরাঞ্চলীয় রেনকা এলাকায় একটি হাইওয়ের পাশে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং মুহূর্তের মধ্যে বিকট শব্দে বিস্ফোরিত হয়। পুলিশ প্রধান এক সংবাদ সম্মেলনে জানান, ট্রাকচালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে চালক নিজেও প্রাণ হারিয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতা প্রায় ১৫০ থেকে ২০০ মিটার ব্যাসার্ধ পর্যন্ত অনুভূত হয়েছে। এতে পার্শ্ববর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা এবং চলাচলকারী অন্তত ৫০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে আগুনের লেলিহান শিখা আকাশে ছড়িয়ে পড়ছে এবং দূর থেকেও ঘন কালো ধোঁয়া দেখা যাচ্ছে।

সান্তিয়াগো মেট্রোপলিটন অঞ্চলের গভর্নর ক্লাউডিও ওরেগো জানিয়েছেন, আহত ১৭ জনের মধ্যে ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জানিয়েছেন, বিস্ফোরণের প্রভাবে উড়ে আসা ধ্বংসাবশেষ পার্শ্ববর্তী তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর আছড়ে পড়েছে। তবে আশেপাশের এলাকায় বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ট্রাকটি স্থানীয় গ্যাস কোম্পানি ‘গ্যাসকো’র (Gasco) সাথে যুক্ত ছিল বলে জানা গেছে। ইতিমধ্যে ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে প্রসিকিউটর অফিস। কোম্পানিটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।