রাজ্যের খবর

বাংলায় মাছ-মাংস বন্ধের হুঁশিয়ারি! বিজেপি নেতার ভাইরাল ভিডিয়ো ঘিরে তুঙ্গে বিতর্ক

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োকে কেন্দ্র করে চুঁচুড়ায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

Truth Of Bengal: বাংলায় বিধানসভা নির্বাচনের ঘোষণা এখনও হয়নি। তার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োকে কেন্দ্র করে চুঁচুড়ায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে চুঁচুড়ার বিজেপি নেতা সপ্তর্ষি ব্যানার্জি ওরফে রামকে বলতে শোনা যায়, বিহারে বিজেপি সরকার ক্ষমতায় এসে মাছ–মাংস খাওয়া বন্ধ করেছে। একইভাবে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মাছ–মাংস বন্ধ হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেছেন বলে দাবি করা হচ্ছে। যদিও ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, সম্প্রতি বিহারের এনডিএ সরকার খোলা জায়গায় মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। লাইসেন্সপ্রাপ্ত বিক্রেতারা নির্দিষ্ট ও আবদ্ধ স্থানে মাংস বিক্রি করতে পারবেন বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে।

এই ঘটনার পর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম গুঁইন কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, মাছে-ভাতে বাঙালি—এটাই বাংলার সংস্কৃতি। যারা মাছ–মাংস বন্ধের কথা বলছেন, তারা নির্বাচনে তার জবাব পাবেন। তাঁর অভিযোগ, বিজেপি বাংলার খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করতে চাইছে।

অন্যদিকে সপ্তর্ষি ব্যানার্জির দাবি, তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে। তিনি কখনও মাছ–মাংস বন্ধের কথা বলেননি। তাঁর বক্তব্য ছিল স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট ও পরিচ্ছন্ন স্থানে মাছ–মাংস বিক্রি করা উচিত। তৃণমূল নেতৃত্ব বিহারের নির্দেশিকাকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ ধরনের ইস্যু যে আরও গুরুত্ব পাবে, তা বলাই যায়।

Related Articles