দেশ

মোদি-মাক্রোঁ সাক্ষাতের প্রাক্কালে মহাকাশ প্রযুক্তি চুক্তি, লাভবান হবে তিনটি ভারতীয় সংস্থা

ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনার পর আরও রাফাল ক্রয়ের বিষয়েও আগ্রহ দেখিয়েছে নয়াদিল্লি।

Truth Of Bengal: ভারতের সঙ্গে মহাকাশ প্রযুক্তি ক্ষেত্রে নতুন বাণিজ্যিক চুক্তি করল ফ্রান্স। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, ফরাসি সংস্থা এক্সোট্রেল তিনটি ভারতীয় মহাকাশ প্রযুক্তি সংস্থার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর বৈঠকের কয়েক ঘণ্টা আগেই এই চুক্তির ঘোষণা সামনে আসে।

এক্সোট্রেল জানিয়েছে, তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভারতের ধ্রুব স্পেস, পিক্সেল এবং এক্সডিলিঙ্কস ল্যাবস। সংস্থাটি মূলত মহাকাশযান ও উপগ্রহের জন্য উন্নত প্রযুক্তি তৈরি করে থাকে। জানা গিয়েছে, তারা ভারতীয় সংস্থাগুলিকে ‘প্রপালশন সিস্টেম’ সরবরাহ করবে। যদিও এই চুক্তির আর্থিক মূল্য কত, তা এখনও প্রকাশ্যে জানানো হয়নি।

ধ্রুব স্পেস কৃত্রিম উপগ্রহ নির্মাণে যুক্ত, পিক্সেল মহাকাশ প্রযুক্তির বিভিন্ন অবকাঠামো তৈরি করে এবং এক্সডিলিঙ্কস ল্যাবস ছোট উপগ্রহের নকশা ও প্রযুক্তি উন্নয়নে কাজ করে। ফলে এই চুক্তিকে ভারতের বেসরকারি মহাকাশ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিরক্ষা ক্ষেত্রে ফ্রান্সের সঙ্গে ভারতের আগেই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনার পর আরও রাফাল ক্রয়ের বিষয়েও আগ্রহ দেখিয়েছে নয়াদিল্লি। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের অধীন বিশেষ কমিটি এ সংক্রান্ত প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। মাক্রোঁর ভারত সফরকালে রাফাল চুক্তি নিয়ে আরও অগ্রগতি হবে কি না, তা নিয়েও জল্পনা রয়েছে।

এদিকে বেঙ্গালুরুভিত্তিক সংস্থা পিক্সেল একটি বিবৃতিতে জানিয়েছে, তাদের নির্মিত উপগ্রহে এক্সোট্রেলের প্রপালশন সিস্টেম ব্যবহার করা হবে। ২০২৭ সালের মধ্যে এই প্রযুক্তি হাতে পাওয়ার আশা করছে তারা। মহাকাশ ক্ষেত্রে ভারত-ফ্রান্স সহযোগিতার এই নতুন অধ্যায় দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে।