খেলা

দিল্লিতে আফগান-গর্জন! আমিরশাহীকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল রশিদ-ওমরজাইরা

এই জয়ের ফলে সুপার এইটের দৌড়ে গাণিতিকভাবে টিকে থাকল আফগানরা, আর সেই সঙ্গে গ্রুপ পর্বের তিন নম্বর স্থানে উঠে এল তারা।

Truth of Bengal: হারলেই বিদায় এমন ‘মরণ-বাঁচন’ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিল আফগানিস্তান। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ডাবল সুপার ওভারে হারের ক্ষত ভুলে সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দাপুটে প্রত্যাবর্তন করল তারা। এই জয়ের ফলে সুপার এইটের দৌড়ে গাণিতিকভাবে টিকে থাকল আফগানরা, আর সেই সঙ্গে গ্রুপ পর্বের তিন নম্বর স্থানে উঠে এল তারা।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি আমিরশাহীর। মাত্র ১৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন আলিশান শারাফু ও সোহেব খান। দুজনে মিলে ৮৪ রানের মূল্যবান পার্টনারশিপ গড়েন। শারাফু ৩১ বলে ৪০ রান করে আউট হলেও সোহেব খান ৪৮ বলে ৬৮ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন (৬টি চার ও ৪টি ছক্কা)। অন্যদিকে আমিরশাহী ব্যাটার মহম্মদ আরফানকে আউট করে এদিন একটি বিশ্বরেকর্ড গড়ে ফেললেন রশিদ খান ৷ প্রথম বোলার হিসেবে টি-২০  ক্রিকেটে ৭০০ উইকেট নেওয়ার মাইলস্টোন গড়লেন তারকা লেগস্পিনার ৷ তবে ব্যাটে-বলে এদিন আফগানদের জয়ের নায়ক আজমতুল্লাহ ওমরজাই ৷ চার উইকেট নেওয়ার পাশাপাশি ব্য়াট হাতে খেললেন ২১ বলে অপরাজিত ৪০  রানের ইনিংস ৷ তবে এরপর আর কেউ দাঁড়াতে না পারায় ২০ ওভারে ১৬০ রানেই থেমে যায় আমিরশাহীর ইনিংস। আফগানিস্তানের হয়ে একাই ৪ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই।

১৬১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই শূন্য রানে আউট হন মারকুটে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। গুলবাদিন নইব (১৩) ও সিদিকুল্লাহ অটলও (১৬) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে দল। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান ওপেনার ইব্রাহিম জাদরান। ৪১ বলে ৫৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। জাদরান আউট হওয়ার পর ম্যাচের হাল ধরেন দারউইশ রসুলি ও আজমতউল্লাহ ওমরজাই। পঞ্চম উইকেটে তাদের ৪৩ রানের জুটি আফগানদের জয় নিশ্চিত করে। রসুলি ৩৩ রানে ফিরলেও আজমতউল্লাহ বল হাতে ৪ উইকেটের পর ব্যাট হাতেও ঝড় তোলেন। মাত্র ২১ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।  যা চলতি বিশ্বকাপে তাদের প্রথম জয় ৷ পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে শেষবার আফগানদের বিরুদ্ধে জিতেছিল সংযুক্ত আরব আমিরশাহী।

 

Related Articles