রাজ্যের খবর

ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, শোকাহত দলীয় মহল

পুলিশ সূত্রে জানা গেছে,  রাত সাড়ে দশটা নাগাদ টিউশন থেকে মেয়েকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন লুতফর রহমান।

Truth Of Bengal: পথ দুর্ঘটনায় মৃত্যু জলপাইগুড়ি সদর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সভাপতি লুতফর রহমানের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁর একমাত্র কন্যা, নবম শ্রেণির এক ছাত্রী। বর্তমানে সে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে,  রাত সাড়ে দশটা নাগাদ টিউশন থেকে মেয়েকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন লুতফর রহমান।

জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায় একটি ট্রাক তাঁদের বাইককে ধাক্কা মারে। ধাক্কার জেরে মেয়েটি বাইক থেকে পড়ে গেলেও ট্রাকটি বাইকসহ লুতফর রহমানকে বেশ কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। পরে আসাম মোড় এলাকায় স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটক করেন।খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লুতফর রহমানকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তাঁর ১৪ বছরের মেয়ের চিকিৎসা চলছে।

ঘটনার পর উত্তেজিত জনতা গোশালা মোড়ের পাশের কলেজ মোড় এলাকায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। এর জেরে জাতীয় সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ট্রাকের চালক ও খালাসি পলাতক বলে জানা গেছে। পুলিশের গাড়ি ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ গোশালা মোড়ে রাত আটটার পর কোনও ট্রাফিক পুলিশ থাকে না। সেখানে নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণ থাকলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত। এর আগেও একই এলাকায় একাধিক দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।তৃণমূল নেতার অকালমৃত্যুতে শোকস্তব্ধ জেলার দলীয় নেতা-কর্মীরা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Related Articles