শেষ লগ্নে শীতের ঝোড়ো ব্যাটিং, ১৪ ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারদ
কলকাতাতেও গত কয়েক দিন ধরে তাপমাত্রা কমার প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
Truth Of Bengal: মাঘের শেষে এসেও শীতের আমেজ যেন ফুরিয়েও ফুরোচ্ছে না। পশ্চিমী ঝঞ্ঝার বাধা সরতেই ফের বঙ্গে রাজত্ব শুরু করেছে উত্তুরে হাওয়া। উত্তর-পশ্চিম ভারত থেকে আসা কনকনে বাতাসের দাপটে আপাতত শীতের অকাল বিদায় ঘটছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের এই ‘প্রেমের সপ্তাহ’ জুড়েও রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। ফলে এখনই ভারী শীতের পোশাক আলমারিতে তুলে রাখার প্রয়োজন নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে কোনও সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা নেই। ফলে উত্তুরে হাওয়া বঙ্গে প্রবেশের ক্ষেত্রে আর কোনও বাধার সম্মুখীন হচ্ছে না। সরাসরি হিমেল বাতাস বঙ্গোপসাগরের দিকে বয়ে যাওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট ফের বাড়তে শুরু করেছে। জেলাগুলিতে রাতের পারদ ফের ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে।
কলকাতাতেও গত কয়েক দিন ধরে তাপমাত্রা কমার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। শুক্রবারও তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে হাওয়া অফিস ইঙ্গিত দিয়েছে যে, আগামী কয়েক দিনের মধ্যে মহানগরের পারদ নেমে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে।
তবে জাঁকিয়ে কনকনে শীত পড়ার সম্ভাবনা এখন আর নেই বললেই চলে। আবহাওয়া দফতরের মতে, মূলত রাত এবং ভোরের দিকেই শীতের অনুভূতি বেশি থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজে ঠান্ডার দাপট কিছুটা কমবে। বিকেলের পর থেকে আবহাওয়া মনোরম থাকলেও ভোরের দিকে হালকা কুয়াশা ও ঠান্ডার রেশ বজায় থাকবে আগামী সাত দিন। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত আবহাওয়ার বিশেষ পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।






