রাজ্যে বিরোধী নেতাদের নিরাপত্তায় কড়া হাইকোর্ট! অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশকে বিশেষ নির্দেশ
১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা এবং রাজ্য পুলিশকে এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে
Truth of Bengal: রাজ্যের বিরোধী দলনেতা, সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীদের রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, কোনো কর্মসূচিতেই যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার দায়ভার নিতে হবে পুলিশকেই। আপাতত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা এবং রাজ্য পুলিশকে এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ২৭ অক্টোবর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির জনপ্রতিনিধি ও সমর্থকদের বিভিন্ন কর্মসূচিতে শাসকদলের কর্মী-সমর্থকেরা ক্রমাগত বাধা দিচ্ছেন। এমনকি পুলিশের উপস্থিতিতেও বিরোধী শিবিরের কনভয়ে হামলার ঘটনা ঘটছে বলে তিনি আদালতে দাবি করেন। আবেদনকারীর পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, আগাম তথ্য দেওয়া সত্ত্বেও পুলিশ যথাযথ নিরাপত্তা দিতে পারছে না, যা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘ব্যর্থতা’কেই প্রমাণ করে।
শুভেন্দু অধিকারীর দায়ের করা এই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার আদালত জানায়, গণতান্ত্রিক কাঠামোয় বিরোধী দলের নেতাদের কর্মসূচিতে নিরাপত্তা প্রদান করা প্রশাসনের দায়িত্ব। বিশেষ করে নির্বাচনের পর থেকে যে ধরনের রাজনৈতিক হিংসার অভিযোগ সামনে আসছে, তা রুখতে পুলিশকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ততদিন পর্যন্ত বিরোধী নেতৃত্বের গতিবিধি ও কর্মসূচির ওপর বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে আদালত।






