সিএবি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যাট হাতে নামতে চলেছেন সৌরভ
পাশাপাশি ৩ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে পালিত হবে ‘ফ্র্যাঙ্ক ওরেল ডে’।
Truth Of Bengal: সিএবি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফের ব্যাট হাতে বাইশ গজে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১ ফেব্রুয়ারি সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সিএবি সভাপতি একাদশ বনাম সচিব একাদশের প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হয়েছে।
সেখানেই সভাপতি একাদশের হয়ে খেলবেন সিএবি সভাপতি সৌরভ। পাশাপাশি ৩ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে পালিত হবে ‘ফ্র্যাঙ্ক ওরেল ডে’। সেই উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের দেওয়া হবে ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের স্বাক্ষর করা শংসাপত্র।
এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে কলকাতায় ফিরেছেন সৌরভ। প্রোটিয়াভূমে কোচ হিসেবে অভিষেক হয় তাঁর। এসএ২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচিং করিয়ে নজর কাড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক। টুর্নামেন্টের শুরুতে পরপর ম্যাচ হারলেও দুরন্ত প্রত্যাবর্তন করে প্রিটোরিয়া। টানা জয়ের ধারা বজায় রেখে ফাইনালে পৌঁছয় দলটি। যদিও খেতাবি লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হয়। তবুও সৌরভের কোচিং পারফরম্যান্সে সন্তুষ্ট ফ্র্যাঞ্চাইজি। দক্ষিণ আফ্রিকা অধ্যায় শেষ করে এবার কলকাতায় প্রশাসনিক দায়িত্বে মন দিচ্ছেন তিনি।






