খেলা

অভিষেকের ব্যাটে কি ‘স্প্রিং’ আছে? ভারতীয় ব্যাটারের তাণ্ডব দেখে আইসিসি-র দ্বারস্থ ইনজামাম

শুধু তাই নয়, গত বছর আয়োজিত এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে একতরফা আধিপত্য দেখান এই বাঁহাতি ব্যাটার।

Truth of Bengal: ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মার দুরন্ত ফর্ম নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার ইনজামাম উল হক। তাঁর দাবি, অভিষেক শর্মার ব্যাটে স্প্রিং থাকতে পারে, তাই বিষয়টি খতিয়ে দেখার জন্য আইসিসির কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। এই মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত কয়েক বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক শর্মার ধারাবাহিক সাফল্য নজর কেড়েছে। সাম্প্রতিক নিউজিল্যান্ড সিরিজেও সেই ফর্মেরই ঝলক দেখা গেছে। শুধু তাই নয়, গত বছর আয়োজিত এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে একতরফা আধিপত্য দেখান এই বাঁহাতি ব্যাটার। শাহিন আফ্রিদি সহ পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করেন অভিষেক। মাঠে পাকিস্তান শিবিরের স্লেজিংয়ের জবাবও ব্যাট হাতে দেন তিনি। সেই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান তিনটি ম্যাচেই জয় পায় ভারত, যেখানে অভিষেক ছিলেন অন্যতম প্রধান পারফর্মার।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের এই ধরনের মন্তব্য অবশ্য নতুন নয়। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ চলাকালীনও এক প্রাক্তন পাক ক্রিকেটার দাবি করেছিলেন, ভারত নাকি বলের মধ্যে চিপ ব্যবহার করছে, যার ফলে মহম্মদ শামির মতো বোলাররা অতিরিক্ত সুবিধা পাচ্ছেন। সেই মন্তব্য এতটাই ভাইরাল হয় যে, শেষ পর্যন্ত শামিকেই প্রকাশ্যে জবাব দিয়ে সেই অভিযোগ উড়িয়ে দিতে হয়। মাঠের পারফরম্যান্সে অবশ্য অভিষেক শর্মা নিজের দক্ষতারই প্রমাণ দিয়ে চলেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। তবে এরপর অভিষেক কার্যত একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। মাত্র ২০ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৭টি চার এবং ৫টি ছক্কা।

এই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২২ বলে অর্ধশতরান করেন অভিষেক। তৃতীয় ম্যাচে সেই নজির আরও উন্নত করে মাত্র ১৪ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান। এই তালিকায় তাঁর আগে একমাত্র যুবরাজ সিং, যিনি ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই আরও একটি নজির গড়েন অভিষেক শর্মা। তিনি বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০০ রান পূর্ণ করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত অভিষেকের সংগ্রহ ১২৬৭ রান, অবিশ্বাস্য ১৯৫ স্ট্রাইক রেটে। একের পর এক রেকর্ড ভেঙে চলা এই তরুণ ব্যাটার আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা হয়ে উঠতে চলেছেন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Related Articles