খেলা

গড়াপেটার অভিযোগে পুলিশের জালে খিদিরপুর ক্লাবের দুই কর্তা

দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে পুলিশ গ্রেফতার করে দলের  মিডিয়া ম্যানেজার রাহুল সাহাকে।

Truth Of Bengal: কলকাতা ময়দানে গড়াপেটার গল্প আজ নতুন নয়। বটতলাজুড়ে কান পাতলেই শোনা যায় ময়দানের গড়াপেটার আজব কাহিনিগুলো। এবার গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগের জল গড়াল কলকাতা পুলিশের সদর দফতর অবধি। সংবাদ মাধ্যম সূত্রের খবর, এই গড়াপেটা কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গত রবিবার রাতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় কলকাতা ময়দানের একদা অন্যতম জায়ান্ট কিলার নামে খ্যাত খিদিরপুর ক্লাবের ম্যানেজার আকাশ দাসকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে পুলিশ গ্রেফতার করে দলের  মিডিয়া ম্যানেজার রাহুল সাহাকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া এই দুই ব্যক্তিকে সোমবার আদালতে তোলা হলে ওই দুইজনকে আগামী ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রুপেশ কুমার সাংবাদিকদের জানান, ‘ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)-র পক্ষ থেকে কলকাতা পুলিশের কাছে ম্যাচ ফিক্সিংয়ের বিষয় নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপর থেকেই আমরা এই বিষয়ে তদন্ত শুরু করি। এবং ফুটবলের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের সঙ্গেও কথা বলে প্রমাণ সংগ্রহ করি। তারপরই গত রবিবার বেলঘড়িয়া ও ব্যারাকপুর অঞ্চল থেকে ধৃতদের গ্রেফতার করা হয়।’

কতগুলি ম্যাচ ফিক্সিং হয়েছে এবং কারা কারা আরও এই ঘটনার সঙ্গে যুক্ত তা তদন্তের স্বার্থে খোলসা করে বলেননি জয়েন্ট সিপি।

Related Articles