পদ্মশ্রী পাচ্ছেন ভারতীয় ক্রিকেটের দুই আইকন রোহিত ও হরমনপ্রীত
ক্রীড়াক্ষেত্র থেকে মোট ৯ জন পাচ্ছেন এই সম্মান।
Truth Of Bengal: পদ্মশ্রী পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবছর মোট ১৩১ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্ম সম্মানে ভূষিত করা হচ্ছে। ক্রীড়াক্ষেত্র থেকে মোট ৯ জন পাচ্ছেন এই সম্মান। এর মধ্যে ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর পাচ্ছেন পদ্মশ্রী। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রোহিত শর্মাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ‘হিটম্যান’ নামে পরিচিত রোহিতের নেতৃত্বেই ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারতীয় পুরুষ দল। এর পর ২০২৫ সালে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিও জয় করে টিম ইন্ডিয়া। এর ফলে মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে দুটি আইসিসি ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করেন রোহিত। এছাড়াও ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই রানার্স-আপ হয়েছিল ভারত।
অন্যদিকে, ভারতের মহিলা ক্রিকেটে ইতিহাস গড়েছেন হরমনপ্রীত কৌর। তাঁর নেতৃত্বেই প্রথমবার মহিলা ওয়ান ডে বিশ্বকাপ জেতে ভারতীয় দল। সেই ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবেই তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে।হকির ময়দান থেকেও এসেছে বড় স্বীকৃতি। ভারতের মহিলা হকি দলের গোলকিপার সবিতা পুনিয়াকে পদ্মশ্রী দেওয়ার ঘোষণা করা হয়েছে। ‘গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া’ নামে পরিচিত সবিতা ২০০৯ সাল থেকে দেশের হয়ে খেলছেন। ইতিমধ্যেই তিনি ৩০৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২০ অলিম্পিক্সে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল। তাঁর ঝুলিতে রয়েছে কমনওয়েলথ গেমসের ব্রোঞ্জ, এশিয়ান গেমসের দুটি ব্রোঞ্জ ও একটি রুপো এবং এশিয়া কাপে একটি সোনা-সহ একাধিক পদক।
টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজ পাচ্ছেন দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ। এর আগে ১৯৮৩ সালে তিনি পদ্মশ্রীতে ভূষিত হয়েছিলেন। ২০২২ সালে লন্ডনের আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমেও স্থান পেয়েছেন তিনি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও ভারতীয় টেনিসে তাঁর অবদান অনস্বীকার্য।
এছাড়াও এবছর পদ্মশ্রী পাচ্ছেন ভারতের প্রাক্তন পেসার প্রবীণ কুমার। মরণোত্তর পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে প্রখ্যাত কুস্তি কোচ ভ্লাদিমির মেস্তভিরিশভিকে। সব মিলিয়ে, বিশ্বজয়ের কাণ্ডারি এই দুই অধিনায়ক-সহ ক্রীড়াক্ষেত্রের মোট ৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানিয়ে আরও একবার দেশের ক্রীড়া সাফল্যকে স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার।



