রাজ্যের খবর

সরস্বতী পুজোর দিনে বিশ্বকর্মা আরাধনা, ঝালদায় ২৬ বছরের ঐতিহ্য

সেই কারণেই কাজের চাপ কম থাকায় মাঘ মাসের এই তিথিকেই তাঁরা বেছে নিয়েছেন আরাধ্য দেবতার পুজোর জন্য।

রাজ্যজুড়ে যখন বাগদেবীর আরাধনায় মেতেছে আট থেকে আশি, তখন পুরুলিয়ার ঝালদার আনন্দ বাজারে দেখা গেল এক ভিন্ন ছবি। সরস্বতী পুজোর দিনেই সেখানে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো দেবশিল্পী বিশ্বকর্মার পুজো। ক্যালেন্ডারের হিসেবে ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজোর চল থাকলেও, ঝালদার এই সূত্রধর পরিবারগুলি কয়েক দশক ধরে এই বিশেষ দিনটিতেই ব্রতী হয়ে আসছেন।

আনন্দ বাজার সূত্রধর বিশ্বকর্মা পুজো কমিটির পক্ষ থেকে ধনঞ্জয় সূত্রধর ও শীতল সূত্রধররা জানান, এই প্রথা তাঁদের পূর্বপুরুষদের সময় থেকে চলে আসছে। কিন্তু কেন মাঘ মাসে এই অকাল বোধন? কমিটির সদস্যদের কথায়, সূত্রধর বা মৃৎশিল্পী হওয়ার কারণে ভাদ্র মাসে তাঁরা প্রতিমা তৈরির কাজে ভীষণ ব্যস্ত থাকেন। সেই সময় আলাদা করে পুজোর আয়োজন করা তাঁদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। সেই কারণেই কাজের চাপ কম থাকায় মাঘ মাসের এই তিথিকেই তাঁরা বেছে নিয়েছেন আরাধ্য দেবতার পুজোর জন্য।

আনন্দ বাজারের মন্দিরে টানা ২৬ বছর ধরে এই পুজো হয়ে আসছে। কেবল একদিন নয়, মোট তিন দিন ধরে চলে উৎসব। যদিও এটি মূলত সূত্রধর কমিটির উদ্যোগ, তবুও স্থানীয় বাসিন্দাদের কাছে এটি একটি বড় উৎসবে পরিণত হয়েছে। জাত-পাত নির্বিশেষে আশপাশের বহু মানুষ এই অভিনব পুজোয় অংশ নিতে ভিড় জমান। সরস্বতী পুজোর আবহেই বিশ্বকর্মা বন্দনার এই ছবি ঝালদার এই অঞ্চলকে এক অনন্য পরিচিতি দিয়েছে।

Related Articles