আন্তর্জাতিক

বিদেশে যাওয়ার পথে বিপাকে ডোনাল্ড ট্রাম্প, মাঝ আকাশে হঠাৎ নিভে গেল বিমানের আলো

বিমানে ঠিক কী কারণে এই যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Truth Of Bengal: বিদেশ সফরের শুরুতেই বিপত্তির মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে রওনা দেওয়ার পরেই তাঁর বিমানে আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানের সমস্ত আলো নিভে যায় বলে জানা গিয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আমেরিকা থেকে উড়ান শুরুর অল্প সময়ের মধ্যেই এই সমস্যা দেখা দেয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই এমন ঘটনা ঘটেছে বলে অনুমান। নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট পরে ফের ঘাঁটিতে ফিরিয়ে আনা হয়। বিমানে থাকা প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যান্য সরকারি আধিকারিকদের নিরাপদে অন্য একটি বিমানে সরিয়ে দেওয়া হয়।

সেখান থেকেই তাঁরা দাভোসের উদ্দেশে যাত্রা শুরু করেন। এই ঘটনার জেরে নির্ধারিত সময়ের তুলনায় প্রায় আড়াই ঘণ্টা দেরিতে সফর শুরু করতে হয় মার্কিন প্রেসিডেন্টকে। বুধবার সুইজারল্যান্ডে যাওয়ার কর্মসূচী ছিল তাঁর। তবে ট্রাম্পের বিমান দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। বহু মার্কিন নাগরিক সোশাল মিডিয়ায় ট্রাম্পের সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন। ‘ঈশ্বর ট্রাম্পকে রক্ষা করুন’-এমন বার্তায় ভরে যায় বিভিন্ন সামাজিক মাধ্যম। মেরিল্যান্ডের বিমানঘাঁটি থেকে ওয়াশিংটনের দিকে ট্রাম্পের কনভয় ফেরার একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পর উদ্বেগ আরও বাড়ে। যদিও হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্ট সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। তবে বিমানে ঠিক কী কারণে এই যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles