কলকাতা

হঠাৎ কালীঘাট মন্দিরে এনএসজি! শুরু বিশেষ নিরাপত্তা মহড়া

সূত্রের খবর, এনএসজি সদর দপ্তরের নির্দেশে ২৪ থেকে ২৭ অগস্ট পর্যন্ত কালীঘাট মন্দির ও সংলগ্ন এলাকায় বিশেষ রেইকি এবং নিরাপত্তা মূল্যায়ন চলবে

Truth of Bengal: কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও দর্শনীয় স্থান কালীঘাট মন্দিরে নিরাপত্তা আরও জোরদার করতে শুরু হল এনএসজির বিশেষ মহড়া। প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হওয়া এই মন্দিরে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখতে সোমবার পৌঁছয় ১৩ সদস্যের একটি এনএসজি দল। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশ, এসটিএফ এবং কলকাতা পুলিশের কমান্ডো ইউনিটের সদস্যরাও। সূত্রের খবর, এনএসজি সদর দপ্তরের নির্দেশে ২৪ থেকে ২৭ অগস্ট পর্যন্ত কালীঘাট মন্দির ও সংলগ্ন এলাকায় বিশেষ রেইকি এবং নিরাপত্তা মূল্যায়ন চলবে। সোমবারের দলে ছিলেন একজন ইউনিট অফিসার, দু’জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার এবং ১০ জন কমান্ডো।

মহড়ার অংশ হিসেবে মন্দির চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা পর্যবেক্ষণ করেন আধিকারিকরা। থার্মাল স্ক্যানার সিস্টেম ব্যবহার করে এলাকার থ্রিডি ছবি এবং ম্যাপিং করা হয়েছে বলেও জানা গিয়েছে। জরুরি পরিস্থিতিতে কোন পথ দিয়ে দ্রুত প্রবেশ বা বেরিয়ে আসা সম্ভব, কোন কোন জায়গা নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ—সেসবও খতিয়ে দেখা হচ্ছে। মন্দির কর্তৃপক্ষের কাছ থেকেও বর্তমান নিরাপত্তা পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থান, নজরদারি ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় কী কী ব্যবস্থা রয়েছে, তা জানতে চান নিরাপত্তা আধিকারিকরা।

এর আগেই কালীঘাট মন্দিরের নিরাপত্তার জন্য পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুলিশ। কোনও ধর্মীয় স্থানের জন্য আলাদা পুলিশ ফাঁড়ি গঠনের ক্ষেত্রে এটি নজিরবিহীন পদক্ষেপ বলে জানিয়েছিল লালবাজার। কলকাতা পুলিশের বক্তব্য ছিল, প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন এবং মন্দিরের আইনশৃঙ্খলা বজায় রাখার কথা মাথায় রেখেই এই আলাদা পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য নাশকতা বা জঙ্গি হামলার আশঙ্কাকেও নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়েছে। এবার এনএসজির বিশেষ রেইকি ও মহড়া শুরু হওয়ায় কালীঘাট মন্দিরের নিরাপত্তা ব্যবস্থায় আরও এক ধাপ কড়াকড়ি যোগ হল। আগামী কয়েকদিন ধরে মন্দির ও সংলগ্ন এলাকার নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখে প্রয়োজনীয় পরামর্শও দিতে পারে বিশেষজ্ঞ দল।