মুম্বইতে নাশকতার ছক? বম্বে হাইকোর্ট ও নিম্ন আদালতে বোমা হামলার হুমকি
শুক্রবার বম্বে হাই কোর্টে ইমেলের মাধ্যমে হুমকিপত্র পাঠানো হয়। তা
Truth Of Bengal: পুরভোটের ফলাফল ঘোষণার দিনেই মুম্বইয়ে ছড়িয়ে পড়ল বোমা হামলার হুমকি। অভিযোগ, বম্বে হাই কোর্টসহ শহরের একাধিক নিম্ন আদালতকে লক্ষ্য করে ইমেলের মাধ্যমে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই খবর প্রকাশের পর শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শুক্রবার বম্বে হাই কোর্টে ইমেলের মাধ্যমে হুমকিপত্র পাঠানো হয়। তা প্রকাশ্যে আসার পর আদালত চত্বর খালি করে দেওয়া হয় এবং শুনানি ও অন্যান্য কাজকর্ম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে শুধুমাত্র বম্বে হাই কোর্টই নয়, বান্দ্রা এবং মাজগাঁওয়ের নিম্ন আদালতকেও একইভাবে হুমকি দেওয়া হয়েছিল।
ঘটনার খবর পেয়ে পুলিশ, বম্ব স্কোয়াড এবং পুলিশ কুকুর ঘটনাস্থলে পৌঁছে প্রতিটি আদালত চত্বরে তল্লাশি চালায়। তল্লাশি শেষে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। এই ঘটনায় মুম্বইয়ের আজাদ ময়দান থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অতীতে বহুবার এমন ইমেলের মাধ্যমে হুমকিপত্র পাঠানো হয়েছিল। তবে সবকটি ঘটনার মতো এবারও কোনও বিপদজনক বস্তু ধরা পড়েনি। তল্লাশি অভিযানের পর আবার সমস্ত আদালতে কাজকর্ম স্বাভাবিকভাবে শুরু হয়।






