টি-২০ বিশ্বকাপে কি খেলবে না বাংলাদেশ? জট কাটাতে এবার ঢাকা যাচ্ছে আইসিসি-র বিশেষ দল
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মহম্মদ ইউসুফের সরকারের এখনও দাবি করছেন, ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি থেকে একচুল নড়বেন না তাঁরা।
Truth Of Bengal: আসন্ন ডি-২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে সংশয় জটিলতা কাটছেই না। ভারতে খেলতে আসা নিয়ে আপত্তির ব্যাপারে এখনও নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার বিশ্বকাপ জট কাটাতে বাংলাদেশে যাচ্ছে আইসিসি-র বিশেষ দল বলে জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সূত্রের খবর, বাংলাদেশের এই বৈঠকেই কার্যত চূড়ান্ত হয়ে যাবে, টি-২০ বিশ্বকাপে আদৌ লিটন, মুস্তাফিজুররা খেলবেন কিনা।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মহম্মদ ইউসুফের সরকারের এখনও দাবি করছেন, ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি থেকে একচুল নড়বেন না তাঁরা। ভারতে তাঁদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আগেই আইসিসি-র কাছে ভেন্যু বদলের আবেদন জানিয়েছিল বিসিবি। কয়েকদিন আগে বিসিবির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে আলোচনায় বসে বিশ্ ক্রিকেটের নিয়ামক সংস্থা। কিন্তু সেখানেও বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে কোনও সমাধানসূত্র মেলেনি। আইসিসি উল্টে জানিয়ে দিয়েছে, ভারতে নিরাপত্তার অভাব রয়েছে বলে বাংলাদেশ যে অভিযোগ আনছে সেটা ভিত্তিহীন। সুতরাং খেলতে হবে ভারতের মাটিতেই। তবে বিশ্বকাপ নিয়ে আইসিসি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। এমনকি বাংলাদেশকে ছাড়াই টুর্নামেন্ট হবে কিনা, ক্রিকেট দুনিয়ায় এই জল্পনাও ছড়িয়ে পড়ে। তারপর গত দু’দিনে বাংলাদেশের ক্রিকেট পরিস্থিতি অনেকখানি বদলে গিয়েছে। বোর্ডের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছেন ক্রিকেটাররা।
পরিস্থিতি যথেষ্ট ঘোরালো হওয়ার পরই বেশ কিছুটা সুর নরম হয়েছে বিসিবি কর্তাদের, ধারণা ক্রিকেটাভিজ্ঞ মহলের। আর তখনই আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে পা রাখছে বলে জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সাংবাদিক বৈঠকে তিনি জানান, ‘শেষ পাওয়া খবর অনুযায়ী, আইসিসির দল বাংলাদেশে এসে আলোচনা করবে। তবে আমরা নিজের অবস্থান থেকে একটুও সরছি না। আমরা শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাই। ভেন্যু বদলটা মোটেও অসম্ভব নয়, সেটাই আমরা মনে করি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে খবর, আইসিসি-র দল কবে বাংলাদেশে যাবে তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে বিশ্বকাপের সূচি নিয়ে এখনও আলোচনা চলছে। ভারতে বিশ্বকাপ খেলতে না আসার পিছনে নিরাপত্তার কারণ দেখিয়ে ইতিমধ্যেই দু’বার আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এর মধ্যে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আইসিসির ইন্টারনাল অ্যাসেসমেন্ট রিপোর্টের নামে প্রকাশ্যে মিথ্যাচারও করেছেন। তিনি দাবি করেছিলেন, আইসিসি থেকে নাকি বলা হয়েছে মুস্তাফিজুর রহমানকে দলে রাখলে ক্রিকেটারদের নিরাপত্তার সমস্যা বাড়বে। বাংলাদেশের জার্সি পরলেও তার নিরাপত্তার সমস্যা হবে। যেহেতু বাংলাদেশে নির্বাচন আছে, তাই সেটারও প্রভাব পড়বে – তেমনই নাকি বলা হয়েছে আইসিসি-র ইন্টারনাল অ্যাসেসমেন্ট রিপোর্টে। কিন্তু এর কোনওটাই যে সত্য নয়, তা জানিয়ে দিয়েছে খোদ আইসিসি। এই নিয়ে বিসিবিকে তোপ দাগলেও বিশ্বকাপ জট কাটাতে শেষ চেষ্টা করছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। কিন্তু যাবতীয় সমস্যা মিটবে কিনা, তার উত্তর দেবে সময়।






