কলকাতা

এজলাসে তুমুল বিশৃঙ্খলা! আইপ্যাক মামলার শুনানি না করেই কক্ষ ছাড়লেন বিচারপতি শুভ্রা ঘোষ

তিনি প্রথমে লাউডন স্ট্রিটের বাড়িতে যান এবং পরে সল্টলেকের আইপ্যাক অফিসেও প্রবেশ করেন।

Truth Of Bengal: কলকাতা হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি শুরুর আগেই বিচারপতি শুভ্রা ঘোষ এজলাস থেকে বের হয়ে যান। সূত্রের খবর, কোর্টরুমে ভিড় ও বিশৃঙ্খলার কারণে হঠাৎ এই সিদ্ধান্ত নেন বিচারপতি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে, এজলাসে সতর্কবার্তা দিলেও বিশৃঙ্খলা থামানো সম্ভব হয়নি। ফলে মামলার শুনানি স্থগিত রাখা হয় এবং নতুন শুনানির দিন ধার্য করা হয়েছে ১৪ জানুয়ারি। উল্লেখ্য, এই মামলার কোনও লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা ওই দিন করা হয়নি।

ঘটনার প্রেক্ষাপট হলো, বৃহস্পতিবার সকালে কলকাতার লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে হঠাৎই তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এটি মূলত একটি পুরনো বেআইনি কয়লা পাচার মামলার সূত্র ধরে করা হয়।

ঘটনার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। তিনি প্রথমে লাউডন স্ট্রিটের বাড়িতে যান এবং পরে সল্টলেকের আইপ্যাক অফিসেও প্রবেশ করেন। অভিযোগ উঠেছে, তল্লাশির সময় তিনি ভিতর থেকে গুরুত্বপূর্ণ ফাইল, নথি ও ল্যাপটপ বাইরে নিয়ে আসেন। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, কেন্দ্রীয় সংস্থা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এর আগে কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে লাউডন স্ট্রিট ও আইপ্যাক অফিসে ED-র অভিযানের ঘটনা নিয়ে মামলা দায়ের করেছিল। এবার সেই তালিকায় মুখ্যমন্ত্রীর নতুন অভিযোগও যুক্ত হয়েছে। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ইডি হাইকোর্টে মামলা দায়ের করেছে, যেখানে মুখ্যমন্ত্রীকেও পক্ষভুক্ত করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসও আলাদা মামলা দায়ের করেছে, যেখানে আইপ্যাক ও ইডিকে যুক্ত করা হয়েছে।

Related Articles