বিজয় হাজারেতে দ্রুততম হাফ সেঞ্চুরি সরফরাজের, বঞ্চনার জবাব রুতুরাজের
লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর ২০তম শতরান—ঘটনাচক্রে যেখানে তাঁর অর্ধশতরানের সংখ্যা ১৯।
Truth Of Bengal: জাতীয় নির্বাচকদের নজর এড়ালেও ফর্ম যে অটুট, তার জোরালো প্রমাণ মিলল বিজয় হাজারে ট্রফিতে। রুতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খান এবং হার্দিক পাণ্ডিয়া—তিনজনই ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্সে নিজেদের দাবিটা আরও একবার তুলে ধরলেন।গোয়ার বিরুদ্ধে চাপে পড়ে গিয়েছিল মহারাষ্ট্র। প্রথমে ব্যাট করতে নেমে একসময় ৫২ রানে ৬ উইকেট হারিয়ে কার্যত ধসে পড়ার মুখে দল। সেই কঠিন পরিস্থিতিতে পাঁচ নম্বরে নেমে হাল ধরেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। দায়িত্বশীলতার সঙ্গে আক্রমণের মেলবন্ধনে গড়ে তোলেন অনবদ্য ইনিংস। ১৩১ বলে অপরাজিত ১৩৪ রান করেন তিনি, ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছক্কা।
লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর ২০তম শতরান—ঘটনাচক্রে যেখানে তাঁর অর্ধশতরানের সংখ্যা ১৯। এই ইনিংসের সুবাদেই লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ৫০০০ রানের নজির গড়েন রুতুরাজ। মাত্র ৯৫ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে তিনি টপকে যান পাকিস্তানের বাবর আজমকে, যিনি ৯৭ ইনিংসে পাঁচ হাজার রান করেছিলেন। অধিনায়ককে যোগ্য সঙ্গত দেন ভিকি ওস্তওয়াল (৫৩) এবং রাজবর্ধন হাঙ্গারগেকার (১৯ বলে অপরাজিত ৩২)। শেষ পর্যন্ত গোয়ার সামনে ২৫০ রানের লক্ষ্য তোলে মহারাষ্ট্র।
অন্যদিকে, ‘বঞ্চিত’ তকমা যেন পিছু ছাড়ছে না সরফরাজ খানের। ধারাবাহিক পারফরম্যান্স সত্ত্বেও জাতীয় দলে জায়গা না পেলেও ঘরোয়া ক্রিকেটে তিনি থামছেন না। পাঞ্জাবের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করে ইতিহাস গড়েন ২৮ বছরের এই ব্যাটার। বিজয় হাজারে এটিই দ্রুততম অর্ধশতরান। আগে এই রেকর্ড ছিল অতীত শেঠের (১৬ বলে)। শেষ পর্যন্ত ২০ বলে ৬২ রানে আউট হন সরফরাজ। যদিও তাঁর ঝোড়ো ইনিংস সত্ত্বেও ১ রানে হেরে যায় মুম্বই। প্রথমে ব্যাট করে পাঞ্জাব তোলে ২১৬ রান। জবাবে ২৬.২ ওভারে ২১৫ রানে অল আউট হয়ে যায় মুম্বই। মুম্বই অধিনায়ক শ্রেয়স আইয়ার করেন ৪৫ রান।বিজয় হাজারের আর এক ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালান হার্দিক পাণ্ডিয়া। বিদর্ভের বিরুদ্ধে আগের ম্যাচে ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর এবার বরোদার জার্সিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে মাত্র ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩১ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৪১.৯৩। ইনিংসটি সাজানো ছিল ২টি চার ও ৯টি ছক্কায়।জাতীয় দলের দরজা আপাতত বন্ধ থাকলেও বিজয় হাজারে ট্রফিতে এই তিন তারকার ব্যাট বলছে অনেক কথা—উপেক্ষার জবাব মিলছে পারফরম্যান্সেই।


