রাজ্যের খবর

Rohini Road: পাহাড় প্রেমীদের জন্য নতুন বছরের সেরা উপহার! ৩ মাস পর খুলে গেল রোমাঞ্চকর ‘রোহিনী রোড’

বছরের শুরুতে রাস্তাটি পুনরায় চালু হওয়ায় পর্যটক থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী ও চালক— সব মহলেই খুশির হাওয়া।

Truth of Bengal: নতুন বছরের প্রথম দিনেই উত্তরবঙ্গের পর্যটন এবং পাহাড়ের যোগাযোগ ব্যবস্থায় বড় স্বস্তির খবর। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার ছোট গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হল পাহাড়ের অন্যতম মনোরম ও রোমাঞ্চকর পথ রোহিনী রোড। গত ৪ অক্টোবর ভয়াবহ বৃষ্টির জেরে শিলিগুড়ি থেকে কার্শিয়াং সংযোগকারী এই রাস্তার প্রায় ৫০ মিটার অংশ ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বছরের শুরুতে রাস্তাটি পুনরায় চালু হওয়ায় পর্যটক থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী ও চালক— সব মহলেই খুশির হাওয়া।

রোহিনী রোড মূলত এর মসৃণ বাঁক, পাইন বন এবং চা বাগানের বুক চিরে যাওয়া সৌন্দর্যের জন্য বাইকার ও প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ধসের কারণে রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় গত তিন মাস ধরে চালকদের বিকল্প হিসেবে ১১০ নম্বর জাতীয় সড়ক বা হিলকার্ট রোড ব্যবহার করতে হচ্ছিল। এতে গন্তব্যে পৌঁছাতে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হতো, যা সময় ও জ্বালানি খরচ উভয়ই বাড়িয়ে দিয়েছিল। রোহিনী পথ খুলে যাওয়ায় এখন সমতলের সঙ্গে পাহাড়ের দূরত্ব অনেকটাই কমে গেল। জিটিএ-র পূর্ত বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সোনম লেপচা জানিয়েছেন, আপাতত শুধুমাত্র ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ধসে যাওয়া অংশটি পাথর ও লোহার জালি দিয়ে শক্ত বাঁধ তৈরি করে মেরামত করা হয়েছে। তবে বড় ও ভারী যান চলাচলের জন্য রাস্তাটি পুরোপুরি প্রস্তুত হতে আরও সপ্তাহখানেক সময় লাগবে বলে তিনি জানান। তরাই চালক সংগঠনের পক্ষ থেকেও এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে, কারণ এতে যাতায়াতের খরচ ও ঝক্কি দুই-ই কমবে।

রাস্তা খোলায় সবচেয়ে বেশি আনন্দিত রোহিণীর স্থানীয় হোটেল ও দোকান মালিকরা। পর্যটক না থাকায় গত তিন মাস তাদের ব্যবসা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল, এমনকি অনেক কর্মী কাজ হারিয়ে বাড়ি চলে গিয়েছিলেন। রাস্তা খোলার খবর পেয়ে বুধবার থেকেই কর্মীরা ফিরতে শুরু করেছেন এবং বছরের প্রথম দিনেই নতুন উদ্যমে হোটেল ও দোকানগুলি খুলেছে। মেঘ ও কুয়াশার লুকোচুরির মাঝে পর্যটকরা এখন অনায়াসেই এই পথে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।