Uncategorizedরাজ্যের খবর

রায়গঞ্জে বর্ষবরণের রাতে তৃণমূলের যুব নেতা খুন, গ্রেফতার ২ 

সূত্রের খবর, তাদের ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছেন পুলিশ।

Truth Of Bengal: সত্যেন মহন্ত: উত্তর দিনাজপুর: বর্ষবরণের রাতেই খুন হলো যুব তৃনমুলের জেলা সহ সভাপতি নব্যেন্দু ঘোষ। এই ঘটনার জেরে বুধবার গভীর রাতে আতঙ্ক ছড়ায় গোটা রায়গঞ্জ শহর জুড়ে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে, বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে নিয়ে পিকনিক করছিলেন ওই যুব তৃণমূল নেতা। রাত সাড়ে ১২টা নাগাদ, সেই জায়গা থেকে খানিকটা দূরে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। দেহের একাধিক জায়গায় ক্ষতচিহ্নও দেখতে পাওয়া যায়।

গুরুতর আহত অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে পালিয়ে যায় বেশ কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি। হাসপাতালেই মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস। জেলা তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাসের অভিযোগ, রায়গঞ্জ শহরে বাড়ি থেকে কিছুটা দুরে বর্ষবরণের রাতে তার কয়েকজন চেনা পরিচিতের সাথে পিকনিক করছিলেন, পরবর্তীতে তাকে কয়েকজন রক্তাক্ত অবস্থায় রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা নব্যেন্দু ঘোষকে মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে নব্যেন্দুকে খুন হতে হলো, কিভাবে খুন হলো তা এখনো পরিষ্কার নয়।

তাঁর পরিবারের তরফে কারও নাম করে অভিযোগ না করা হলেও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত অসাবধানেই গুলি চলেছে বন্দুক থেকে। যদিও পরিবারের তরফে গুলি করে খুনের অভিযোগ করা হয়েছে। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ২ জনকে গ্রেফতার করেছে। তারা, পিন্টু সাহা(ছোটু) ও শুভম পাল, এই দুই জনই রায়গঞ্জের রমেন্দ্রপল্লি বাসিন্দা।

বৃহস্পতিবার তাদের রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, তাদের ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছেন পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্তের জন্য জন্য ঘটনাস্থলকে ঘিরে রেখেছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ। অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনায় যারা যুক্ত, তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। তবে এই ঘটনার সাথে যারা যারা যুক্ত রয়েছে তাদের কঠোরতম শাস্তির দাবী জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব।

Related Articles