রাজ্যের খবর

চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু তৃণমূল ছাত্র পরিষদ নেতার, শোকস্তব্ধ মুর্শিদাবাদ

এই ঘটনায় এলাকায় এবং জেলা রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Truth Of Bengal: চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে অকাল মৃত্যু হল মুর্শিদাবাদের এক তরুণ তৃণমূল ছাত্র পরিষদ নেতার। মৃত যুবকের নাম কুলদীপ মণ্ডল (২৩)। সোমবার রাতে মালদহ থেকে ফরাক্কা ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় এবং জেলা রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, কুলদীপ মণ্ডল ফরাক্কা ব্লকের বেওয়া-২ পঞ্চায়েতের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন। মালদা টাউনে আয়োজিত শীতকালীন কার্নিভাল দেখতে গিয়েছিলেন তিনি। সোমবার রাতে বাড়ি ফেরার জন্য তিনি মালদা থেকে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনটি যখন মালদহ জেলার খালতিপুর স্টেশনে ঢুকছিল, তখন তিনি ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। সেই সময়ই অসাবধানতাবশত ভারসাম্য হারিয়ে তিনি রেললাইনে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে কুলদীপের মৃত্যুর খবর তাঁর গ্রাম ফরাক্কার রামনগরে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিজন ও অনুগামীরা। মাত্র ২৩ বছর বয়সে এক সম্ভাবনাময় যুবনেতার এমন আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত জেলা তৃণমূল নেতৃত্ব। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

রেল পুলিশ (GRP) মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা সদর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হলে দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ট্রেনের দরজা বা পাদানিতে দাঁড়িয়ে যাতায়াত করার ভয়াবহতা এই ঘটনার মাধ্যমে আরও একবার সামনে এল।

Related Articles