Rajasthan: রাজস্থানের বেসরকারি হাসপাতালেও এখন থেকে ফ্রি-তে চিকিৎসা পাবেন অ্যাসিড আক্রান্তরা
রাজস্থান স্বাস্থ্য দফতরের প্রধান সচিবের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কড়া বার্তা দেওয়া হয়েছে।
Truth of Bengal: রাজস্থানে অ্যাসিড হামলার শিকার ব্যক্তিদের চিকিৎসায় এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল সে রাজ্যের সরকার। চিকিৎসা ও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও অ্যাসিড আক্রান্তদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হবে। রাজস্থান স্বাস্থ্য দফতরের প্রধান সচিবের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কড়া বার্তা দেওয়া হয়েছে।
নতুন এই নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, কোনো বেসরকারি হাসপাতাল যদি অ্যাসিড আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দিতে অস্বীকার করে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্টের দুটি পৃথক রায়ের ওপর ভিত্তি করেই এই নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছিল যে, অ্যাসিড হামলার মতো সংবেদনশীল ঘটনায় আক্রান্ত ব্যক্তিকে বিনা চিকিৎসায় ফিরিয়ে দেওয়া যাবে না। নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালকে অ্যাসিড আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে হবে। কোনো কারণে যদি সংশ্লিষ্ট হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার পরিকাঠামো না থাকে, তবে আক্রান্তকে ফিরিয়ে দেওয়া চলবে না। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রথমে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড দিতে হবে। এরপর রোগীকে অন্য কোনো হাসপাতালে স্থানান্তরের সময় একটি শংসাপত্র দিতে হবে, যাতে তিনি সেখানেও বিনামূল্যে উন্নত চিকিৎসা পেতে পারেন।
শুধুমাত্র চিকিৎসায় ছাড় নয়, আক্রান্তদের জন্য আরও বেশ কিছু পরিষেবার কথা ঘোষণা করেছে রাজস্থান সরকার। হাসপাতালে থাকাকালীন রোগীর বেড খরচ, ওষুধ এবং খাবার— সবই দেওয়া হবে বিনামূল্যে। এছাড়া চিকিৎসার প্রয়োজনে যদি প্লাস্টিক সার্জারি বা রিকনস্ট্রাক্টিভ সার্জারির প্রয়োজন হয়, তবে সেই খরচও বহন করবে হাসপাতাল কর্তৃপক্ষ। মানবিকতা ও ন্যায়ের স্বার্থে রাজস্থান সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।






