আন্তর্জাতিক

Bangladesh Meghna River: মেঘনায় দুই যাত্রিবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, নিখোঁজ বহু

এই ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী, যাঁদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Truth of Bengal: বাংলাদেশের মেঘনা নদীতে ভয়াবহ নৌ-দুর্ঘটনার সাক্ষী থাকল হাইমচর ও হরিণা এলাকা। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ দুই যাত্রিবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলায়। পুলিশ সূত্রে এই দুর্ঘটনায় চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও, বেসরকারি ভাবে মৃতের সংখ্যা সাত বলে দাবি করা হচ্ছে। এই ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী, যাঁদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কবলে পড়া লঞ্চ দুটির মধ্যে একটি ছিল ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ এবং অন্যটি ভোলা থেকে ঢাকার সদরঘাটের দিকে আসা এমভি জাকির সম্রাট-৩। গভীর রাতে মাঝনদীতে তীব্র গতির এই সংঘর্ষে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তদন্তের পর প্রশাসনের অনুমান, নদীর বুকে থাকা ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় চালকরা একে অপরকে দেখতে পাননি, যা এই মর্মান্তিক পরিণতির মূল কারণ।

নৌ-পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন যে, এখন পর্যন্ত এক মহিলা ও তিন পুরুষের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের সঠিক পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Related Articles