কলকাতারাজ্যের খবর

শীতবিলাসীদের পোয়াবারো, বছরের শেষ কদিন বঙ্গে জাঁকিয়ে শীত

আগামী কয়েক দিনে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ধাপে ধাপে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

Truth Of Bengal: বড়দিনের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে শীতের প্রভাব আরও জোরালো হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আবহাওয়ার কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। বরং আগামী কয়েক দিনে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ধাপে ধাপে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গত কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রবাহে বাধা সৃষ্টি করছিল পশ্চিমী ঝঞ্ঝা। তবে সেই বাধা কেটে যাওয়ায় এখন উত্তর দিক থেকে শীতল হাওয়া অবাধে রাজ্যে ঢুকছে। তার ফলেই শহর ও শহরতলিতে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, ২৭ ডিসেম্বর, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমার ধারা বজায় থাকবে। বিশেষ করে সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমের মতো জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ঠান্ডার দিক থেকে এই জেলাগুলি উত্তরবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে পাল্লা দিতে পারে বলেও মত বিশেষজ্ঞদের।

দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। আপাতত ঘন কুয়াশা নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে ২০২৬ সালের শুরুর দিকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে। এর জেরে বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

Related Articles