খেলা

Barcelona: ভিলারিয়ালকে উড়িয়ে লা লিগার সিংহাসনে বার্সেলোনা!

৩৯ মিনিটে ভিয়ারিয়েলের রেনাতো ভেইগা লাল কার্ড দেখেন। তার ফলে আরও সহজ হয়ে যায় হান্সি ফ্লিকের দলের লড়াই।

Truth of Bengal: আরও একবার বার্সেলোনা সিঁড়ি বেয়ে উঠল শীর্ষে। লা লিগায় অ্যাওয়ে ম্যাচে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে উঠল বার্সেলোনা। আর এই ম্যাচ নিয়ে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল বার্সা। বার্সেলোনার হয়ে গোল করলেন লামিনে ইয়ামাল এবং রাফিনিয়া। ৩৯ মিনিটে ভিয়ারিয়েলের রেনাতো ভেইগা লাল কার্ড দেখেন। তার ফলে আরও সহজ হয়ে যায় হান্সি ফ্লিকের দলের লড়াই।

রবিবার অ্যাওয়ে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল শুরু করে বার্সেলোনা। প্রতিপক্ষকে কোণঠাসা করার চেষ্টা করেন বার্সার ফুটবলাররা। ম্যাচের ১২ মিনিটের মাথায় প্রথম গোল করেন রাফিনিয়া। ইয়ামালের পা থেকে বল পেয়ে বক্সের ডান দিক দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন রাফিনিয়া। সেই সময়েই তাঁকে ফাউল করে বসেন ভিয়ারিয়ালের এক ফুটবলার। রেফারি পেনাল্টি দেন বার্সেলোনার পক্ষে। গোল করতে ভুল করেননি রাফিনিয়া। কিন্তু প্রথম গোলের ঠিক ২ মিনিট পর রাফিনিয়ার একটি শট বারে গেলে ফিরে আসে। নইলে আরও বাড়ত ব্যবধান।

০-১ গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণের তীব্রতা বাড়ায় ভিয়ারিয়াল। কিন্তু বার্সেলোনার গোলরক্ষক একাধিক বার গোলের মুখ খুলতে দেননি তাদের। তবে ম্যাচের ৩৯ মিনিটের মাথায় ভিয়ারিয়ালের খেলার ছন্দ নষ্ট হয়ে যায় ভেইগার ভুলে। ইয়ামালকে পিছন থেকে ফাউল করেন ভেইগা। সঙ্গে সঙ্গে রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখান। পিছিয়ে থেকেও আক্রমণে নামা ১০ জনের ভিয়ারিয়াল বাধ্য হয়েই কিছুটা রক্ষণাত্মক হয়ে যায়। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে আরও আগ্রাসী ফুটবল শুরু করে বার্সেলোনা। ম্যাচের ৬২ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোল করেন লামিনে ইয়ামাল। প্রতিপক্ষের বক্সে জটলার মধ্যে থেকে বল পেয়ে সোজা গোলে শট করেন তিনি। ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও ভিয়ারিয়ালের ফুটবলারেরা প্রতি আক্রমণে গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিলেন কয়েকবার। কিন্তু আর সফল হতে পারেননি তাঁরা। লা লিগায় রবিবারের জয়ের পর ১৮ ম্যাচে বার্সেলোনার মোট পয়েন্ট হল ৪৬। লা লিগার পয়েন্ট তালিকায় তারাই শীর্ষে। সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Related Articles