খেলা

বার্নাব্যুতে এমবাপে-ঝড়! ২৭-তম জন্মদিনে রোনাল্ডোর রেকর্ড ছুঁলেন ফরাসি সুপারস্টার

লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ।

Truth Of Bengal: রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপের জমানা যে ধীরে ধীরে ইতিহাসের পাতায় জায়গা করে নিচ্ছে, তার মিলল প্রমাণ। নিজের ২৭তম জন্মদিনে গোল করে রিয়াল মাদ্রিদের হয়ে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ৫৯ গোলের রেকর্ড স্পর্শ করলেন ফরাসি সুপারস্টার। এতদিন এই কৃতিত্ব একান্তই ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দখলে। লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচে প্রথম গোলটি করেন জুড বেলিংহ্যাম। ম্যাচের শেষদিকে, ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইতিহাসে নিজের নাম লেখান এমবাপে। গোলের পর রোনাল্ডোর বিখ্যাত ‘সিউ’ সেলিব্রেশন করে প্রাক্তন রিয়াল তারকার প্রতি শ্রদ্ধা জানান তিনি।

চলতি ক্যালেন্ডার বছরে সব টুর্নামেন্ট মিলিয়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে এমবাপের গোলসংখ্যা দাঁড়াল ৫৯। ২০১৩ সালে নিজের প্রথম পূর্ণ মরশুমে ঠিক একই সংখ্যক গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার সেই নজির স্পর্শ করলেন এমবাপে।ম্যাচের পর আবেগপ্রবণ এমবাপে বলেন,এটা অবিশ্বাস্য অনুভূতি। রিয়াল মাদ্রিদে আমার প্রথম বছরেই ক্রিশ্চিয়ানোর রেকর্ড স্পর্শ করতে পারলাম। ও রিয়ালের ইতিহাসে সেরা খেলোয়াড়। মাদ্রিদে মানিয়ে নেওয়ার জন্য ও আমাকে অনেক পরামর্শ দিয়েছে। এই সেলিব্রেশনটা ওর জন্যই।রোনাল্ডোর সঙ্গে নিজের সম্পর্ক প্রসঙ্গে এমবাপে আরও বলেন,শৈশব থেকে ও আমার আদর্শ। এখন ও আমার বন্ধু। ও সবসময় আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। আজ এই আনন্দটা ওর সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম।

২০২৪ সালের গ্রীষ্মে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। নতুন লিগ, নতুন পরিবেশ ও বিপুল প্রত্যাশার চাপে শুরুটা খুব মসৃণ না হলেও বছরের মাঝামাঝি থেকেই ছন্দে ফেরেন তিনি। জাভি আলোনসোর অধীনে রিয়ালের পারফরম্যান্স কখনও ওঠানামা করলেও ধারাবাহিকভাবে গোল করে চলেছেন এমবাপে। চলতি মরশুমে ২৪টি ম্যাচে তাঁর গোলসংখ্যা ২৯।এই ম্যাচেও একাধিক সুযোগ পেয়েও গোল মিস করেন এমবাপে, কয়েকটি শট লাগে ক্রসবারে। তবু শেষ পর্যন্ত চাপের মুহূর্তে দায়িত্ব নিয়ে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি—যা বড় তারকার মানসিকতারই প্রতিফলন।রেকর্ড স্পর্শ করে এমবাপে স্পষ্ট বার্তা দিয়েছেন—রোনাল্ডোর ছায়া ছুঁয়ে এবার নিজের আলোয় পথ চলার পালা। রিয়াল মাদ্রিদে এমবাপে-অধ্যায় যে সবে শুরু, সেটাই যেন আরও একবার পরিষ্কার হয়ে গেল বার্নাব্যুর আলোয়।

Related Articles