Silent call scam: অজানা ফোন নম্বর থেকে খালি আসছে ফোন, ফোন ধরলেও কলার নিশ্চুপ, কোন বিপদ দোরগোড়ায় কড়া নাড়ছে
জালিয়াতরা নানান রকম ফন্দি আঁটছে।
Truth of Bengal: ইদানীং অনেকের ফোনেই ‘সাইলেন্ট কল’ আসছে। আপনার ফোন বাজল, আপনি ফোন ধরলেন, কিন্তু অপর প্রান্তে কলার নিশ্চুপ। আপনি ভাবলেন নেটওয়ার্কের সমস্যা অথবা রং নম্বর হয়েছে। কিন্তু আসলে সাইবার জালিয়াতির ফাঁদ লুকিয়ে আছে। কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বা ডট নাগরিকদের সাইলেন্ট কল নিয়ে সতর্ক করছে। ভারতে বাড়ছে সাইবার জালিয়াতির ঘটনা। জালিয়াতরা নানান রকম ফন্দি আঁটছে।
এই পরিস্থিতিতে সাইবার বিশেষজ্ঞদের মতে, এসব সাইলেন্ট কল মোটেও সাধারণ বিষয় নয়। জালিয়াতরা নিশ্চুপ থেকে আসলে দেখে নেয় নির্দিষ্ট ফোন নম্বর সক্রিয় রয়েছে কিনা। হ্যালো বললেই জালিয়াতরা বুঝে ফেলবে নম্বর সক্রিয় রয়েছে। এরপরই সাইবার জালিয়াতির জন্য আপনাকে ফাঁদ পেতে টার্গেট করা হবে। বারবার হ্যালো বললেই আপনার গলা রেকর্ড করে পরে অপব্যবহার করতে পারে সাইবার জালিয়াতরা। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে গলার স্বর নকল বা ক্লোন করা হতে পারে।






