বিনোদন

Messi in Kolkata: যুবভারতীতে মেসিকে দেখতে হাজির শুভশ্রী গঙ্গোপাধ্যায়! কিন্তু পেলেন কি দেখা?

মেসিভক্ত হিসেবে পরিচিত এই নায়িকা সকাল সকালই পৌঁছে গিয়েছিলেন যুবভারতীর মাঠে।

Truth of Bengal: গত কয়েক দিন ধরে কলকাতা জুড়ে যে মেসি জ্বর চলছে, বৃহস্পতিবার ১৩ ডিসেম্বরের যুবভারতী ক্রীড়াঙ্গনে তার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটল। শুধু কলকাতা কেন, বেলঘরিয়া থেকে বাংলাদেশ, নবদ্বীপ থেকে নেপাল— নানা ভাষা, নানা মত ও নানা পরিধানের হাজার হাজার মেসি ভক্ত এদিন ভিড় জমিয়েছিলেন যুবভারতীতে। মেসি ম্যাজিকের টানেই এই বিশাল সংখ্যক মানুষের আগমন। প্রিয় তারকাকে এক ঝলক দেখার অপেক্ষায় ছিল লক্ষাধিক জোড়া চোখ।

এই অপেক্ষার তালিকায় ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। মেসিভক্ত হিসেবে পরিচিত এই নায়িকা সকাল সকালই পৌঁছে গিয়েছিলেন যুবভারতীর মাঠে। কলকাতায় মেসি আসছেন শোনার পর থেকেই তিনি দারুণ উত্তেজিত ছিলেন এবং কাছ থেকে তাঁকে একবার দেখার সুযোগের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই বহু প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ। চকোলেট রঙের টপ ও স্কার্টে সেজে মাঠে আসা শুভশ্রী মেসিকে নিয়ে নিজের গভীর আবেগ প্রকাশ করেন হাজারো দর্শকের সামনে। তিনি বলেন, “কলকাতায় বসে স্বচক্ষে মেসি দর্শনের সুযোগ সচরাচর পাওয়া যায় না। তাই এই সুযোগ হাতছাড়া না করে চলে এসেছি।”

তবে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মেসি যখন মাঠে প্রবেশ করেন, তখন চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি মাঠে ঢোকেন এবং কিছুক্ষণের জন্য মাঠ ঘুরে দ্রুত বেরিয়ে যান। এর পরেই দেখা দেয় চরম বিশৃঙ্খলা। ফলে আবেগে ভাসলেও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পক্ষে মেসির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা সম্ভব হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে তারকা থেকে সাধারণ মানুষ, প্রত্যেকেই এই দিনে মেসির ছোঁয়ায় এক অভূতপূর্ব ফুটবলীয় আবেগের সাক্ষী থাকলেন।