তিন সপ্তাহ নিখোঁজ! ইমরান খানের মৃত্যুর গুঞ্জনে উত্তাল সোশ্যাল মিডিয়া
পরে আরও কিছু অনলাইন সূত্র সেই খবরকে ভিত্তি করে ইমরান খানের মৃত্যুর দাবি করতে থাকে।
Truth Of Bengal: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে ফের তুঙ্গে জল্পনা। দুই বছরেরও বেশি সময় ধরে তিনি রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে বন্দি। হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর দাবি—জেলেই নাকি খুন করা হয়েছে ইমরানকে! যদিও কোনও নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সরকারি সূত্র এই গুজবকে এখনো পর্যন্ত নিশ্চিত করেনি।
এই দাবির সূত্রপাত ‘আফগান টাইমস’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। পরে আরও কিছু অনলাইন সূত্র সেই খবরকে ভিত্তি করে ইমরান খানের মৃত্যুর দাবি করতে থাকে। প্রশ্ন উঠছে—এই গুঞ্জনের ভিত্তি কী? জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ইমরানের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে না। তাঁকে নাকি একান্ত সেলে রাখা হচ্ছে, অন্য বন্দিদের থেকে সম্পূর্ণ আলাদা।
গত সপ্তাহে ইমরান খানের সঙ্গে নির্ধারিত সাপ্তাহিক সাক্ষাৎ করতে যান তাঁর তিন বোন—আলেমা, উজমা এবং নওরিন। কিন্তু জেল কর্তৃপক্ষ তাঁদের সাক্ষাতের অনুমতি দেয়নি। এরপর প্রতিবাদে তাঁরা জেলের বাইরে টানা ১০ ঘণ্টা অবস্থান ধর্মঘট করেন। তাঁদের দাবি, অবস্থান চলাকালীন তাঁদের ওপর হামলাও করা হয়। এই ঘটনার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং ইমরানের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন ওঠে।
বুধবার জেলের বাইরে পিটিআই সমর্থকেরাও বিক্ষোভ দেখান। কিন্তু তাঁদেরকেও সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। তিন সপ্তাহ ধরে কেউই ইমরান খানকে সরাসরি দেখতে না পাওয়ায় জল্পনা আরও ঘনীভূত হয়েছে—তিনি আসলে কোথায়? আদৌ কি তিনি নিরাপদ আছেন?
উল্লেখ্য, রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং অন্যান্য দুর্নীতির মামলায় ইমরান খান দুই বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি রয়েছেন। তাঁর পরিবার বহুদিন ধরেই অভিযোগ করে আসছে যে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে অত্যন্ত অমানবিক এবং একাকী পরিবেশে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁর মৃত্যু ঘিরে গুঞ্জন আরও তীব্র হচ্ছে।






