England: অ্যাশেজে প্রথম টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, উডকে ধরেই বাজিমাতের চেষ্টা স্টোকসদের
এমন সিদ্ধান্ত নেওয়ার আগে ইংল্যান্ডের কোচিং স্টাফ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট আরও বেশ কিছুদিন অপেক্ষা করার পরই সিদ্ধান্ত নেবেন।
Truth of Bengal: আগামী অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য বুধবার নিজেদের দল ঘোষণা করল ইংল্যান্ড। মোট ১২ সদস্যের এই দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এখন ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন পার্থে অনুষ্ঠিত হওয়া এই সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড পেস না স্পিন কোনটার ওপর বেশি ভরসা করে দল সাজাবে? তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে ইংল্যান্ডের কোচিং স্টাফ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট আরও বেশ কিছুদিন অপেক্ষা করার পরই সিদ্ধান্ত নেবেন।
কেননা ইংল্যান্ডের এই দলে পেসার মার্ক উড যেমন আছেন, ঠিক তেমনই আছেন স্পিনার বশিরও। কাজেই কার ওপর বেশি নির্ভর করে ইংল্যান্ড দল অ্যাশেজের প্রথম টেস্টে মাঠে নামবে সেই চিন্তায় ঘুরপাক খাচ্ছিল ক্রিকেটপ্রেমীদের মুখে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যেহেতু পার্থে খেলা হবে সেহেতু উইকেট দ্রুতগতিসপন্নই হবে বলে ধারণা করছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা। সেই কারণে তাঁরা চাইছেন যাতে পেস আক্রমণ দিয়েই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে ধ্বস নামানো যায়। আর এই কাজে তাঁদের অন্যতম অস্ত্রই হতে চলেছেন উড। ঙ্গলবার পার্থের পিচে আধ ঘণ্টারও বেশি সময় ধরে বোলিং করার পাশাপাশি পিচও খুটিয়ে দেখেন উড। কেননা ২০২১-২২ মরসুমে অ্যাশেজে সেরা ছন্দেই দেখা গিয়েছিল উডকে। সেবার ১৭ উইকেট ঝুলিতে পুড়েছিলেন।
প্রসঙ্গত, এবারে অ্যাশেজের জন্য উডের পাশাপাশি ইংল্যান্ড দলে আছেন বেশ কিছু পুরনো খেলোয়াড়ও। যাঁদের পূর্বে এই হাইভোল্টেজ সিরিজ খেলার অভিজ্ঞতাও রয়েছে। এই তালিকায় রয়েছেন বেন স্টোকস, জ্যাক ক্রলি, জো রুট এবং ওলি পোপ।
উল্লেখ্য, অজি ভূমিতে লাল বলের ম্যাচে ইংল্যান্ড সর্বশেষ কোনও স্পিনার ছাড়াই শেষবার মাঠে নেমেছিল ১৯৯৮ সালের বক্সিং ডে টেস্টে। এমনকি চলতি বছরে ভারতের বিপক্ষে সিরিজে ওভাল টেস্টেও কোনও বিশেষজ্ঞ স্পিনার ছিলেন না। কিন্তু এবার বশিরকে দলে নেওয়া হয়েছে। অপর দিকে অজি স্পিনার নাথান লায়নও ছন্দে আছেন। অ্যাশেজ সিরিজে উইকেটের নেওয়ার নিরিখে অনেকটাই এগিয়ে তিনি। যদি এবার বশিরকে ইংল্যান্ড চূড়ান্ত দলে রাখে, তাহলে নাথান-বশির দ্বৈরথ শুরু থেকেই অ্যাশেজ জমিয়ে দেবেন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
এক নজরে দেখে নেওয়া যাক ঘোষিত ইংল্যান্ড দল- বেন স্টোকস (অধিনায়ক), জোফ্রে আর্চার, অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডস কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক) ও মার্ক উড।






