রাজ্যের খবর

Murshidabad: জাল নোট চক্রের ৩ পাণ্ডা গ্রেফতার মুর্শিদাবাদের বড়ঞা থানায়

মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়কের আন্দি পেট্রোল পাম্প মোড়ে বিশেষ অভিযান চালায়।

Truth of Bengal: ৪৮ হাজার টাকার জাল নোট (Fake Currency) সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করল মুর্শিদাবাদের বড়ঞা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম হল— আমানতুল্লাহ খান, আজমুল খান এবং মিঠুন খলিফা। তারা সকলেই মালদা জেলার কালিয়াচক থানার বাখারপুর এলাকার বাসিন্দা।

মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়কের আন্দি পেট্রোল পাম্প মোড়ে বিশেষ অভিযান চালায়। সেখানে একটি পিকআপ ভ্যান আটক করা হয়। গাড়িটিতে চালক সহ মোট পাঁচজন আরোহী ছিলেন। পুলিশ এদের মধ্যে থেকে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে, বাকি দু’জন অভিযুক্ত পুলিশের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক ওই দুই অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।

পুলিশ মনে করছে, মালদা জেলার কালিয়াচক থেকে বড়ঞা থানা এলাকায় নির্দিষ্ট কোনো চক্রের হাতে এই জাল নোটগুলি পাচার করার উদ্দেশ্যেই ধৃতরা এসেছিল। বড়ঞা থানার পুলিশ ইতিমধ্যেই এই পাচার চক্রের মূল উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে কাদের কাছে এই নোটগুলি পৌঁছানোর কথা ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

ধৃতদের বুধবার কান্দি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তাদের ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে, যাতে জিজ্ঞাসাবাদ করে এই জাল নোট পাচার চক্রের শিকড় পর্যন্ত পৌঁছানো যায়।

Related Articles