পেনাল্টি মিস করে হারের খেসারত দিতে হল সেলেকাওদের
লুকাস পাকেতার পেনাল্টি মিস না করলে এই ম্যাচ থেকে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত ব্রাজিল। তবে তার হয়নি।
Truth Of Bengal: আগামী বছর আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের আসর। ফুটবলের সেই মহারণ উপলক্ষ্যে গত মঙ্গলবার তিউনেশিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। এর আগে সেনেগালের বিপক্ষে জয় পেলেও তিউনেশিয়ার বেড়া টপকাতে পারল না আনসেলত্তির দল। ম্যাচের ফল ১-১। ম্যাচে ব্রাজিল জেতার মত সুযোগ পায়নি তা কিন্তু নয়। এমনকি পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেননি ব্রাজিলের ফুটবলাররা। লুকাস পাকেতার পেনাল্টি মিস না করলে এই ম্যাচ থেকে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত ব্রাজিল। তবে তার হয়নি।
ফ্রান্সের লিলেয় অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে সব বিভাগে টেক্কা দিয়েছিলেন আনসেলত্তির ছেলেরা। তবুও ফুটবলের আসল কাজ সেই গোলের দেখাই পাচ্ছিল না ব্রাজিল। উল্টে ম্যাচের ২৩ মিনিটে এক প্রতি আক্রমণ থেকে গোল হজম করে বসে সেলেকাওরা। হাজেম মাসতৌরি গোল করে এগিয়ে দেন তিউনেশিয়াকে।
গোল খাওয়ার পরই তিউনেশিয়ার ওপর আরও চাপ বাড়াতে থাকে ব্রাজিল। সেই সময় আনসেলত্তির দলের ক্রমাগত আক্রমণে শেষ পর্যন্ত নিজেদের রক্ষণভাগ আর অটল রাখতে পারল না তিউনেশিয়া। এই অর্ধেই পেনাল্টিও আদায় করে নেয় ব্রাজিল। এবং সেই সুযোগকে কাজে লাগিয়েই বিরতির ঠিক আগে সাম্বা ব্রিগেডকে সমতায় ফেরান এস্তেভাও।
বিরতির পর ব্রাজিল আক্রমণের ধারা বজায় রাখলেও তিউনেশিয়া প্রতি আক্রমণ নির্ভর ফুটবলই খেলতে থাকে। ম্যাচের ৭৬ মিনিটে আবার পেলান্টি পায় ব্রাজিল। কিন্তু এবার আর লক্ষ্যভেদ সম্ভব হল না। সেই সুযোগ নষ্ট করলেন লুকাস। শেষ পর্যন্ত ম্যাচ ড্র করেই মাঠ ছাড়তে হল ব্রাজিলকে।






