ভোটের ফল নিয়ে হতাশা, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জন সুরাজ প্রার্থী চন্দ্রশেখর সিং
তিনি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং এলাকার এক জনপ্রিয় মুখ।
Truth Of Bengal: নির্বাচনে ভরাডুবির ধাক্কা, দলের পরাজয় এবং নিজের পরাজয়ের পাশাপাশি চন্দ্রশেখর সিংয়ের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে। ভোটের ফল প্রকাশের দিন শুক্রবার বিকালে তরাই কেন্দ্রের জন সুরাজ দলের প্রার্থী চন্দ্রশেখর সিংয়ের মৃত্যু হয়। তার বয়স ছিল ৬৩ বছর। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং এলাকার এক জনপ্রিয় মুখ। রাজনীতিতে যোগ দেন প্রশান্তের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে।
প্রচারেও বেশ সাড়া ফেলেছিলেন, তবে বিশেষ কোনো সুবিধা লাভ করতে পারেননি। তরাই আসনে তিনি পেয়েছিলেন মাত্র ২,২৭১টি ভোট, এবং সেখানে বিজয়ী হন বিজেপি প্রার্থী বিশাল প্রশান্ত। ভোটের ফল প্রকাশের পরই বিকাল চারটার দিকে চন্দ্রশেখর সিং হৃদরোগে আক্রান্ত হন। এর আগে ৩১ অক্টোবর, প্রচারের সময় প্রথমবার তিনি হার্টের সমস্যায় ভুগেছিলেন এবং তাকে পাটনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শুক্রবার, ভোটের ফল আসার পর, আবারও দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন তিনি এবং হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, ভোটের ফলাফল নিয়ে হতাশা এবং মানসিক চাপের কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। তার মৃত্যুর খবরের পর, জন সুরাজ শিবিরে শোকের ছায়া নেমে আসে।


