Varun Chakravarthy: প্রথমবার অধিনায়ক বরুণ চক্রবর্তী! সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে তামিলনাড়ুকে নেতৃত্ব দেবেন তিনি
এ বার দলে সাই কিশোর, জগদীশনের মতো প্রাক্তন অধিনায়ক থাকা সত্ত্বেও দায়িত্ব দেওয়া হয়েছে বরুণকে।
Truth of Bengal: আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে বড় দায়িত্ব পেলেন বরুণ চক্রবর্তী। প্রথমবার কোনও প্রতিযোগিতায় অধিনায়কত্বের সুযোগ পাচ্ছেন কেকেআর তারকা। তামিলনাড়ু নির্বাচকেরা তাঁকে দলের নেতা ঘোষণা করেছেন। সহ-অধিনায়ক হয়েছেন নারায়ণ জগদীশন।গত মরসুমে তামিলনাড়ুকে নেতৃত্ব দিয়েছিলেন শাহরুখ খান। এ বার দলে সাই কিশোর, জগদীশনের মতো প্রাক্তন অধিনায়ক থাকা সত্ত্বেও দায়িত্ব দেওয়া হয়েছে বরুণকে। ২৬ নভেম্বর থেকে শুরু হবে এ বারের মরসুম। প্রথম ম্যাচে রাজস্থানের মুখোমুখি হবে তামিলনাড়ু।
তামিলনাড়ু রয়েছে এলিট গ্রুপ ডি-তে। সেই গ্রুপে রয়েছে রাজস্থান, দিল্লি, উত্তরাখণ্ড, কর্নাটক, ত্রিপুরা, ঝাড়খণ্ড ও সৌরাষ্ট্র।গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে বরুণের উত্থান চোখে পড়ার মতো। কেকেআরের হয়ে আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে জায়গা করে দিয়েছে ভারতের টি-টোয়েন্টি ও এক দিনের দলে। বিশেষ করে টি-টোয়েন্টিতে তাঁর ‘মিস্ট্রি স্পিন’ এখনও প্রতিপক্ষের মাথাব্যথা।এই আবহে আসন্ন আইপিএল নিলামের আগেই বরুণের হাতে অধিনায়কত্বের নতুন অভিজ্ঞতা কেকেআরের কাছেও ইতিবাচক বার্তা। বোর্ড সূত্রের খবর, তাঁকে কোনওভাবেই ছাড়তে চাইছে না কলকাতা নাইট রাইডার্স। ফলে তিনি আগামী মরসুমেও কেকেআরেই থাকছেন নিশ্চিত।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটারদের জন্য ঘরোয়া মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে পাঁচ উইকেট নেওয়া বরুণ দারুণ ছন্দে রয়েছেন। সেই ফর্ম ঘরোয়া ক্রিকেটেও ধরে রাখার প্রত্যাশা সমর্থকদের। এ বার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে তামিলনাড়ুর সম্ভাব্য স্কোয়াডে রয়েছেন বরুণ চক্রবর্তী (অধিনায়ক), এন জগদীশন (সহ-অধিনায়ক), শাহরুখ খান, সাই কিশোর, এম সিদ্ধার্থ, টি নটরাজন, গুরজাপনীত সিং-সহ আরও অনেকে। নেতৃত্বে সফল হলে ভবিষ্যতে কেকেআরের দায়িত্বও পেতে পারেন বরুণ—এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।






