Truth Of Bengal: দিল্লিতে লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ১০ জনের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। সোমবার সন্ধ্যায় এই ঘটনায় আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই দুঃসময়ে বাংলাদেশ ভারতের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি তাঁদের গভীর সমবেদনা রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহত ও আহতদের শরীরে আগুনের চিহ্ন রয়েছে, তবে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিস্ফোরণের কারণ গাড়ির যান্ত্রিক ত্রুটি কিনা তা এখনো স্পষ্ট নয়। দিল্লির এই ঘটনার পর কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুসহ দেশের বড় শহরগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জঙ্গি নাশকতার সম্ভাবনাকেও এড়িয়ে দেখা হচ্ছে না।
কূটনৈতিক মহলের মতে, বাংলাদেশের হাই কমিশনারের শোক প্রকাশকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে পাশে থাকার বার্তা দিয়ে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছেন। রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর থেকে দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক স্থাপনে নানা উদ্যোগ গ্রহণ করে আসছেন এবং এই ঘটনায় তার প্রতিক্রিয়াও সেই লক্ষ্যকে প্রতিফলিত করছে।



