দেশ

বিহারের দ্বিতীয় দফার ভোট, নতুন ভোটারদের বার্তা প্রধানমন্ত্রী মোদির

এছাড়া নতুন ভোটারদের উদ্দেশে প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, তাঁরা নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোটে অংশগ্রহণে অনুপ্রাণিত করুন।

Truth Of Bengal: বিহারে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাতটা থেকে ২০ জেলার ১২২টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এই দফায় দুই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং নীতীশ কুমারের মন্ত্রিসভার ১০ মন্ত্রীর ভবিষ্যৎ নির্ধারণ হবে।

শেষ দফার ভোটের সকালে বিহারবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভুটান সফরের আগে তিনি সোশাল মিডিয়ার মাধ্যমে লিখেছেন, সকল ভোটার যেন নিরবিচ্ছিন্নভাবে ভোটের অংশগ্রহণ করেন এবং নতুন রেকর্ড গড়ার চেষ্টা করেন। এছাড়া নতুন ভোটারদের উদ্দেশে প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, তাঁরা নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোটে অংশগ্রহণে অনুপ্রাণিত করুন।

দ্বিতীয় দফার ভোটে মোট ৩ কোটি ৭ লাখ ১৩ হাজার ৫৫৬ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নতুন ভোটার সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৯৫৪ জন। বিশেষভাবে নজর থাকবে পূর্ব ও পশ্চিম চম্পারন, সীতামারি, মধুবনী এবং নেপাল সীমান্তবর্তী কিষানগঞ্জের মতো কেন্দ্রে। এই দফায় মোট ১ হাজার ৩০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দিল্লির ভয়াবহ বিস্ফোরণের পর বিহারের নির্বাচনে কোনো অবাঞ্ছিত ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয় দফার ভোটে বিহারে ৪ লক্ষের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবারের ভোটে ৮ হাজার ৪৯১টি ভোটকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে বিহার পুলিশ। বিহারের সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে এবং ঝাড়খণ্ড সীমান্তে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে।

Related Articles