রোহিত রান করে বুঝিয়ে দিল ও ফুরিয়ে যায়নি : দীনেশ
শনিবার যখন সিডনির মাঠে রোহিত ব্যাট করতে নামল, তখন ওর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল ও কতটা আত্মবিশ্বাসী।
Truth Of Bengal: দীর্ঘ সাত মাস পর জাতীয় দলের জার্সিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে নেমেছিলেন রোহিত শর্মা। সেই থেকেই একদিনের ক্রিকেটে আগামী দিনে রোহিতের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে জল্পনা শুরু হয়। এমনকী কেউ কেউ এমনও বলেন যে, এই অস্ট্রেলিয়া সিরিজই রোহিতের কাছে অ্যাসিড টেস্ট। হয় রান করতে হবে, না হলে বসতে হবে। কিন্তু রোহিত তাঁর প্রমাণ দিয়ে দিয়েছে।
অস্ট্রেলিয়া সফরে ওর দলে জায়গা পাওয়া নিয়ে যাবতীয় সমালোচনা কোনওকিছুই রোহিতের অজানা ছিল না। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর যখন দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে মাঠে নামল তখনই ঠিক করেছিল যাবতীয় সমালোচনার জবাব ব্যাট হাতেই দিতে হবে। পারথের ম্যাচে সেঞ্চুরি পায়নি মাত্র ২৭ রানের জন্য। কিন্তু শনিবার ব্যাট হাতে সিডনির মাঠে যেন পারথে যেখানে শেষ করেছিল, ঠিক সেখান থেকেই শুরু করল। এবং রোহিত বুঝিয়ে দিল আগামী ২০২৭ দেশের জার্সিতে বিশ্বকাপ খেলার জন্য ও কতটা তৈরি।
গত শনিবার রোহিত যখন সিডনিতে ক্রিজে ব্যাট করছে, তখন ওর প্রতিটা শট যেন জানান দিচ্ছিল সমালোচনার জবাব। আশাকরি এবার ওকে নিয়ে ট্রোল করাটা বন্ধ হবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র। এবং সমালোচাকরাও রোহিতকে নিয়ে তাঁদের মুখটা আপাতত বন্ধ রাখবেন। আমার অনুরোধ তাঁদের কাছে, এবার দয়া করে রোহিতকে খেলতে দিন। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে ওর দলে থাকাটা অত্যন্ত জরুরি ভারতের কাছে বলেই আমার মনে হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের এই ব্যাটিং দেখে আমার পুরনো রোহিতের কথাই মনে পড়ে যাচ্ছিল। আসলে রোহিত ছন্দে থাকলে ঠিক এইরকম ব্যাটিংই করে। আমি দারুণ খুশি রোহিতের এইরকম বিধ্বংসী ব্যাটিং দেখে।
পাশাপাশি আমাকে খুশি করেছে বিরাটের ব্যাটিংও। বিরাটও যথেষ্ট বড় মাপের ক্রিকেটার। মনে রাখতে হবে, ছন্দে থাকলে এরা দুজনেই যে কোনও বোলারের কাছে ত্রাস। যা তাঁরা ফের একবার প্রমাণ করে দিল সিডনির মাঠে।






