সাম্মানিক ডক্টরেট পেতে চলেছেন রোহিত শর্মা
বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ এই সম্মান দেওয়া হবে ‘হিটম্যান’-কে।
Truth Of Bengal: নীল জার্সি গায়ে দেশকে জিতিয়েছেন জোড়া বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার সেই সাফল্যের তালিকায় যুক্ত হতে চলেছে নতুন সম্মান। ভারতীয় ক্রিকেটে অতুলনীয় অবদানের স্বীকৃতি হিসেবে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে সাম্মানিক ডক্টরেট (ডি.লিট) প্রদান করতে চলেছে পুণের অজিঙ্কা ডিওয়াই পাটিল ইউনিভার্সিটি। এর ফলে তাঁর নামের আগে যুক্ত হবে ‘ডক্টর’ উপাধি।
বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ এই সম্মান দেওয়া হবে ‘হিটম্যান’-কে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রিকেটে রোহিতের ‘অতুলনীয় অবদান’ এবং ‘দৃষ্টান্তমূলক নেতৃত্ব’-এর জন্যই এই স্বীকৃতি। বিশ্ববিদ্যালয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “অনুরাগীদের কাছে তিনি ‘হিটম্যান’। তবে এই সমাবর্তন তাঁর জীবনে এক অন্যরকম মাইলফলক হতে চলেছে। ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদান এবং বিশ্বমঞ্চে নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই এই ডি.লিট প্রদান করা হচ্ছে।জানা গিয়েছে, সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকেই এই সম্মান গ্রহণ করবেন রোহিত শর্মা।
উল্লেখ্য, সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অত্যন্ত সফল রোহিত শর্মা। অল্পের জন্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হাতছাড়া হলেও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোহিত। এই ফরম্যাটে তাঁর নামের পাশে রয়েছে রেকর্ড ৬টি শতরান—যা আর কোনও ব্যাটারের নেই।
এদিকে, গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক রোহিত এবার বিশ্বকাপ দেখবেন মাঠের বাইরে থেকে। সম্প্রতি এক সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে তিনি বলেন, “বাড়িতে বসে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা অদ্ভুত এক অভিজ্ঞতা হবে। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে সব ক’টিতেই খেলেছি। এবার ঘরে বসে খেলা দেখতে হবে। অবসর কী জিনিস, সেটা বোঝা যায় যখন কোনও বিশ্বকাপ বাইরে বসে থাকতে হয়। স্টেডিয়াম থেকে খেলা দেখার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। নিঃসন্দেহে অন্য রকম অভিজ্ঞতা হতে চলেছে।মাঠের বাইরে থেকেও ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান ও প্রভাব অটুট। আর সেই অবদানের স্বীকৃতি হিসেবেই এবার সাম্মানিক ডক্টরেট পাচ্ছেন রোহিত শর্মা—যা তাঁর বর্ণাঢ্য কেরিয়ারের আরও এক গর্বের অধ্যায়।






