বৃষ্টিতে ভেস্তে যাবে শনি-রবি? দক্ষিণ ২৪ পরগনা-মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, জাঁকিয়ে শীত নামার আগে ফের নিম্নচাপের প্রভাবে বৃষ্টির দাপট দেখা দেবে রাজ্যের বিভিন্ন জেলায়।
Truth of Bengal: রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ এখন উপভোগ করছেন মানুষজন। ভোর ও রাতের দিকে ঠান্ডা হাওয়া বইছে, ফলে আবহাওয়া বেশ মনোরম। তবে এই স্বস্তির মধ্যেই ফের বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, জাঁকিয়ে শীত নামার আগে ফের নিম্নচাপের প্রভাবে বৃষ্টির দাপট দেখা দেবে রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তর ও দক্ষিণবঙ্গ—দুই অঞ্চলেই বৃষ্টির প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে এই বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়তে পারে।
২৫ অক্টোবর, শনিবার, রাজ্যের বেশিরভাগ জায়গায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আকাশ মেঘলা হয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে। এরপর ২৬ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ছিটেফোঁটা বৃষ্টি বা কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পরের দিন অর্থাৎ ২৭ অক্টোবর, সোমবার, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও জোরদার হতে পারে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার দুই দিনই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝড়বৃষ্টি দেখা যেতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কম-বেশি বৃষ্টির ইঙ্গিত রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনাও আছে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে।






