Rizwan Removal: একদিনের ক্রিকেটে রিজওয়ানকে সরিয়ে দলনেতা শাহিন, নেতৃত্ব হারিয়ে তোপ রিজওয়ানের
পাকিস্তান দল এখন নিজের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে ব্যস্ত। সেই টেস্টের প্রথম দিনের শেষেই পিসিবি-র পক্ষ থেকে একদিনের ক্রিকেটের জন্য তাদের দলের অধিনায়কত্ব কে করবেন তা জানানো হল।
Truth of Bengal: গত সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একদিনের ক্রিকেটের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হল। রিজওয়ানকে সরিয়ে এবার একদিনের ক্রিকেটে পাকিস্তান দলের আর্মব্যান্ড পরে দলকে নেতৃত্ব দেবেন পেসার শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তান দল এখন নিজের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে ব্যস্ত। সেই টেস্টের প্রথম দিনের শেষেই পিসিবি-র পক্ষ থেকে একদিনের ক্রিকেটের জন্য তাদের দলের অধিনায়কত্ব কে করবেন তা জানানো হল। কিন্তু কি কারণে পিসিবির পক্ষ থেকে একদিনের ক্রিকেটের জন্য রিজওয়ানের বদলে শাহিনের আর্মব্যান্ড তুলে দেওয়া হল সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে রিজওয়ানকে একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন। এই প্রসঙ্গে প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফ সরাসরি আঙুল তুলেছেন পাকিস্তান দলের সাদা বলের কোচ মাইক হেসনের দিকে। তিনি বলেন, ‘রিজওয়ানকে একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার অন্যতম কাণ্ডারী হলেন মাইক। তাঁর পরামর্শেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান কর্তা মহসীন নকভি, আকিব জাভেদরা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কারণ ইজরায়েল যেভাবে গাজা শহরে একের পর এক হামলা চালাচ্ছে, রিজওয়ান সেই ঘটনার প্রতিবাদ প্রকাশ্যে জানিয়েছিলেন। তার ফলেই নেতৃত্ব হারাতে হল তাঁকে।’ এবং এই ঘটনা যে অত্যন্ত নিন্দানীয় তাও জানাতে ভোলেননি লতিফ।
লতিফের আরও সংযোজন, ‘রিজওয়ানকে সরানোর পর পাকিস্তান দলের ড্রেসিংরুমের পরিবেশও যে অনেক পরিবর্তন ঘটবে। খেলোয়াড়দের মধ্যে মানসিকতার ব্যাঘাত ঘটার সম্ভাবনাও রয়েছে। যে আগে কখনও পাকিস্তান দলের মধ্যে ছিল না। আসলে ড্রেসিংরুমের মধ্যে যে ইসলামিক সংস্কৃতি চলুক এটা হেসন চাইছিলেন না। কারণ এই চিন্তা-ধারা তাঁর না পসন্দ। আসলে আর কিছুই নয়, বোঝাই যাচ্ছে হেসনের হাত ধরেই পাক ক্রিকেটের অন্দরমহলে এখন এটাই চালু হয়ে গিয়েছে যে, কোনও মুসলিম দেশের অধিনায়ক হিসেবে অমুসলিম ক্রিকেটারকে বসাতে হবে। কিন্তু আগে যাঁরা অধিনায়ক ছিলেন যেমন, ইমজামাম-উল-হক, সাইদ আনোয়ার থেকে সাকলিন মুস্তাক পর্যন্ত, সবার আমলেই পরিবেশ ছিল অন্যরকম। সেই সময় কোনও সমস্যাই সৃষ্টি হয়নি।’
প্রসঙ্গত, মাত্র এক বছর আগে একদিনের ক্রিকেটে পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে রিজওয়ানকে বসানো হয়েছিল। তাঁর হাত ধরেই জিম্বাবোয়ে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছিল পাকিস্তান। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি ও ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যন্ডের কাছে হারতে হয় পাকিস্তানকে। ফলে রিজওয়ান যে দলে খুব একটা স্বাচ্ছন্দে ছিলেন তা নয়। এদিকে সীমিত ওভারের ক্রিকেটে দেশকে এই নিয়ে দুবার নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন শাহিন। তবে তা বেশিদিন স্থায়ী হয়নি। কেননা, কিউয়িদের কাছে ম্যাচ হেরেই পদ হারিয়েছিলেন শাহিন। এখন দেখা যাক দ্বিতীয়বার দলের দায়িত্ব পেয়ে তাঁকে কতদিন এই পদে দেখা যায় তা সময়ই বলবে।






