এসআইআর নিয়ে দলকে সতর্ক থাকার বার্তা শমীকের
জানা গিয়েছে, জেলা ও বুথস্তরের নেতাদের শমীক ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন সক্রিয় থাকার এবং উদাসীনতা না দেখানোর।
Truth Of Bengal: ভোটমুখী বাংলায় এসআইআরকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। ঘাসফুল শিবিরের সাফ কথা, দল এটা কোনমতেই হতে দেবে না রাজ্যে। অন্যদিকে গেরুয়া শিবিরের বক্তব্য, এসআইআর হলে চাপে পড়ে যাবে শাসকদল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বুঝিয়ে দিয়েছেন যে বিহারের মতো বাংলাতেও হবে এসআইআর। এবার তা নিয়ে দলীয় কর্মীদের সতর্ক করলেন বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ভার্চুয়াল বৈঠকে নেতাকর্মীদের তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এই ব্যাপারে কোনও ঢিলেমি বা অবহেলা না হয়।
জানা গিয়েছে, জেলা ও বুথস্তরের নেতাদের শমীক ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন সক্রিয় থাকার এবং উদাসীনতা না দেখানোর। তাঁর বক্তব্য, পরিণতি মারাত্মক হবে যদি গেরুয়া শিবির সক্রিয়তা না দেখায়। এখানেই শেষ নয়, তিনি এই হুঁশিয়ারিও দিয়েছেন যে গুরুত্ব দিয়ে এই কাজ না করা হলে, দলের অস্তিত্ব সংকটে পড়ে যাবে আসন্ন বিধানসভা নির্বাচনের পর। শুধু তাই নয়, তিনি সকলকে এটাও জানিয়েছেন যে বর্তমানে তাঁরা যে সুন্দর কার্যালয় ব্যবহার করছেন, তা দখলে চলে যাবে শাসকদলের এবং সেক্ষেত্রে ঠান্ডা ঘরে বৈঠক হবে না। এমনকি, কঠিন হয়ে উঠবে অনলাইনে মিটিং করার লোক খুঁজে পাওয়াও।
প্রসঙ্গত, সম্প্রতি এসআইআর নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, গুলি খেতে হবে যদি বিরোধিতা করা হয় এসআইআরের, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলায়। তীব্র সমালোচনা করা হয়েছে বিজেপি নেতার এই মন্তব্যের।





