খেলা

মেসির সতীর্থের গোলে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা

১৮ বছর পর ফের জুনিয়র বিশ্বকাপের ফাইনালে পৌঁছল লাতিন আমেরিকার দেশটি।

Truth Of Bengal: ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে ফুটবলের বিশ্বকাপ দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ শোভা পেয়েছিল আর্জেন্টিনার ঘরে। এরপর তৃতীয়বার এই ট্রফি ঘরে তুলতে মেসি-মার্তিনেজ-ডা মারিয়াদের অপেক্ষা করতে হয়েছিল প্রায় ৩৬টা বছর। ২০২২ সালে সেই ক্ষরা মিটিয়েছিলেন লিওনেল মেসিরা। এবার অনুর্ধ্ব-২০ বিশ্বকাপের ট্রফি জয়েরও খুব কাছাকাছি চলে এল নীল-সাদা জার্সিধারীর জুনিয়র ফুটবলাররা। ১৮ বছর পর ফের জুনিয়র বিশ্বকাপের ফাইনালে পৌঁছল লাতিন আমেরিকার দেশটি। সেমিফাইনালে তারা ১-০ গোলে পরাজিত করল ওই উপমহাদেশেরই আর এক দেশ কলম্বিয়াকে। আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন মাতেও সিলভেত্তি। ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ আফ্রিকান জায়ান্ট কিলার মরোক্কো।

প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কেউই গোলের দেখা পেল না। অবশেষে ম্যাচের ৭২ মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যায় আর্জেন্টিনা। পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই সিলভেত্তি জয়সূচক গোলটি করেন। এবং তাঁর গোলেই ফাইনালের টিকিট পাকা করে ফেলে আর্জেন্টিনা। তবে গোলটি সিলেভেত্তি করলেও গোলটির পিছনে  ৯৫ শতাংশ অবদান রয়েছে বেনফিকার তরুণ উইঙ্গার জিয়ানলুকা প্রেসতিয়ান্নির। যেভাবে নিজেদের অর্ধ থেকে বল ৩০-৪০ গজ দৌড়ে কলম্বিয়ার বক্সে পৌঁছে তিনি সতীর্থের উদ্দেশে গোলের ঠিকানা লেখা পাসটি বাড়িয়েছিলেন, তা থেকে গোল না হওয়টাই ছিল সবচেয়ে আশ্চর্যের।

এরপর গোল শোধের মরিয়া চেষ্টা করে কলম্বিয়াও। কিন্তু আর্জেন্টিনা গোলরক্ষকের অসাধারণ পারফরম্যান্সের কারণেই তাদের সে ইচ্ছা পূরণ হল না। এদিকে আর্জেন্টিনা ম্যাচ জেতার পরই সোশ্যাল মিডিয়ায় সিলেভত্তির প্রশংসা করেছেন লিওনেল মেসি। সেখানে লিও লেখেন, ‘ট্রফি জয়ের খুব কাছে আমরা। আগামীর জন্য শুভেচ্ছা সকলকে।’ পাল্টা তাঁকেও শুভেচ্ছা জানিয়েছেন সিলভেত্তিও।

আর্জেন্টিনা শেষ বার অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ ট্রফি জয় করেছিল ২০০৭ সালে। তারপর এতগুলি বছরের প্রতীক্ষা। এখন দেখার দীর্ঘ সময়ের এই খরা এবার আর্জেন্টিনার জুনিয়ররা মেটাতে পারেন কি না!

এদিকে অপর সেমিফাইনালে মরোক্কো টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে ফ্রান্সকে। নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ১-১ গোলে। তারপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করে আফ্রিকার দেশটি। এই প্রথমবার তারা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিল।

Related Articles